বিভক্ত ঢাকাকে এক করতে আন্দোলন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে এক করতে আন্দোলন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র নামের একটি সামাজিক প্রতিষ্ঠান।আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে ‘জনগণের ঢাকা আন্দোলন’ শিরোনামে এ কর্মসূচি ঘোষণা করা হয়।এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে কয়েকটি বাম রাজনৈতিক সংগঠন ও পরিবেশবাদী সংগঠন।অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা আন্দোলনে শামিল হওয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলন পরিচালনার জন্য প্রকৌশলী ইনামুল হককে আহ্বায়ক এবং ফিরোজ আহমেদকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দু-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সভায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঢাকাকে ভাগ করার প্রয়োজন ছিল না। সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা ভাগের ফলে এর প্রশাসনিক কাঠামো, জনবল ও ব্যয় দ্বিগুণ হবে। ভেঙে পড়বে প্রশাসনিক ব্যবস্থাপনা। ফলে ঢাকার মানুষ বর্তমানে যে সেবা পাচ্ছে, তা-ও দেওয়া সম্ভব হবে না।অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার নিজেদের স্বার্থ রক্ষার জন্য ঢাকাকে দুই ভাগ করেছে। ঢাকা অপরিকল্পিতভাবে চারদিকে বাড়ছে। সেদিকে সরকারের নজর নেই। অবিরাম ঢাকা শহরের চারদিকের জমি দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। সরকার তাদের দমন না করে ঢাকাকে ভাগ করেছে। এ জন্য জনমত নেওয়া এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার দরকার ছিল। কিন্তু সরকার তা করেনি।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ভোট এবং রাজনৈতিক বিবেচনা থেকে ঢাকাকে ভাগ করেছে। এর মাধ্যমে নতুন করে দুর্নীতি ও দুর্বৃত্তদের জন্য সুযোগ তৈরি করা হয়েছে। এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ফিরোজ আহমেদ। তিনি বলেন, সরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য পরাজয় এড়ানো, নিজেদের মেয়াদের অবশিষ্ট সময় সরকারের আজ্ঞাবহ নির্বাহী কর্মকর্তা দিয়ে নগর পরিচালনা করা এবং বিভক্ত ঢাকার অবকাঠামোগত পুনর্বিন্যাস বাবদ আর্থিক সুবিধা আদায় করার জন্য ঢাকাকে দুই ভাগ করেছে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিবেশ আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান, গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রমুখ