বিভক্ত ঢাকার প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে অনির্বাচিত প্রতিনিধিকে প্রশাসক হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হয়। আদালত বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।১ ডিসেম্বর স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এ সংশোধনী আনা হয়। এরই পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।এর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল দুই আইনজীবী, একজন আইনের শিক্ষকসহ চারজন রিটটি করেন। আজ আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সোয়েব উদ্দিন খান।রিট আবেদনে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদানের কথা উল্লেখ করে আনা সংশোধনী কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। এই বিধানের কার্যকারিতারও স্থগিতাদেশ চাওয়া হয়। এ ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়। রিট আবেদনে স্থানীয় সরকার, জনপ্রশাসন, আইনসচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসককে বিবাদী করা হয়।আইনজীবী মো. সোয়েব উদ্দিন খান প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-(সংশোধিত) ২০১১-এর ধারা ২৫-এ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগের বিধান যুক্ত করা হয়। এটা সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৭, ৯, ১১, ৫৯, ৬০-এর পরিপন্থী। তিনি বলেন, স্থানীয় সরকার পরিচালনায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন। অন্তর্বর্তীকালীন সময়ে অনির্বাচিত কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ নেই।