বিভক্ত ঢাকায় একই দিনে নির্বাচনের পরিকল্পনা ইসির
বিদায়ী নির্বাচন কমিশন (ইসি) ঢাকার দুই সিটি করপোরেশনে একই দিনে নির্বাচন করার পরিকল্পনা রেখে যাচ্ছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।এম সাখাওয়াত বলেন, মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা চলবে। এ সময়ের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে রাখার জন্য ইসি সচিবালয়কে বলা হয়েছে। সে ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা সম্ভব। তিনি বলেন, নির্বাচন কমিশন উত্তর ও দক্ষিণ ঢাকার নির্বাচন ভিন্ন ভিন্ন দিনে না করে একই দিনে করার পরিকল্পনা রেখে যাচ্ছে। একই দিনে নির্বাচন করা ছাড়া উপায় নেই। কয়েক দিন ব্যবধান রেখে দুই ভাগে আলাদা নির্বাচন করলে অনেক সমস্যা হবে বলে মন্তব্য করেন সাখাওয়াত। কমিশনার জানান, ভোটার তালিকা তৈরি, ভোটকেন্দ্র পুনর্বিন্যাস, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনাসহ প্রয়োজনীয় কাজ এখন থেকে গুছিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মে মাসে নির্বাচন করা সম্ভব হয়।সাংবিধান অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এবং কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে। অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি।