বিভক্ত ঢাকায় নির্বাচনের তফসিল দেবে না ইসি
ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে না বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন। নির্বাচন ৯০ দিনের মধ্যে করা সম্ভব নয়—এ অবস্থানে অনড় ছিলেন দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। এ নিয়েই আজ বৈঠকে বসে ইসি। বৈঠক শেষে সিইসি মেয়াদের শেষ সময়ে এসে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা না করার কথা জানান। ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস হয়। নতুন আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ড রয়েছে। ১ ডিসেম্বর গেজেটও প্রকাশ করা হয়। আইনের ৩৪ ধারা অনুযায়ী কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু সিইসি এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি আর অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এ জন্য বিদায়মুহূর্তে তাঁরা নির্বাচন করতে আগ্রহী নন।