বিভাগ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে গণমিছিল
বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বানে শহরে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে, একই দাবিতে কাল রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।আজ শনিবার সকাল ১০টা থেকে শহরের টাউন হল চত্বরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হতে থাকে। পরে জেলা নাগরিক আন্দোলনের নেতৃত্বে প্রায় দুই হাজার মানুষের একটি গণমিছিল রেলস্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।গণমিছিলে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফয়েজুর রহমান ফকির, ভাইস চেয়ারম্যান আরজোনা কবীর, অধ্যাপক ইউসুফ খান পাঠান, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমীন কালাম, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহাম্মেদ লিটন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি আ ন ম ফজলুল হক পাঠান, নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন বাবুল, ট্রেড ইউনিয়ন সভাপতি ফয়েজুর রহমান প্রমুখ।বক্তারা জেলা নাগরিক আন্দোলনের ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নসহ ১০ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে এসব বাস্তবায়নে সরকারকে অনুরোধ করেন। একই সঙ্গে কাল ১৮ সেপ্টেম্বর রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কপথ ও রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দলমত-নির্বিশেষে সবাইকে আহ্বান জানান। বৃহত্তর ময়মনসিংহের সকল জেলা ও উপজেলায় এ সময়ে সড়ক ও রেলপথ অবরোধে যোগ দিতেও তাঁরা আহ্বান জানান।বক্তারা আরও বলেন, এ আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়। এ আন্দোলন বৃহত্তর ময়মনসিংহবাসীর ভাগ্য পরিবর্তনের, এলাকার উন্নয়নের আন্দোলন। তাই সবাইকে যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করতে হবে। ১০ দফা দাবির মধ্যে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন, ব্রহ্মপুত্র নদখনন, ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, ময়মনসিংহে শিক্ষা বোর্ড স্থাপন, আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ব্রডগেজ ডবল রেললাইন স্থাপন, এ রুটে একাধিক নতুন ট্রেন চালু করা উল্লেখযোগ্য।