বিভাগীয় তিন শহরে একসঙ্গে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার শুরু হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বিকেল চারটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মিলনায়তনে উৎসব উদ্বোধন করা হবে। এই উৎসবের আয়োজন করেছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম। উৎসবের নানা দিক নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। এবারের উৎসবে নতুন কী থাকছে?চতুর্থবারের মতো ঢাকায় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হলো। আমরা কিন্তু প্রতিবারই চেষ্টা করি অন্য বছরগুলোর চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে উৎসব করার। এবার একসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী—তিনটি বিভাগীয় শহরে উৎসবের আয়োজন করেছি। বাংলাদেশে এর আগে কোনো উৎসব একই সঙ্গে তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়নি। উৎসবে সারা দেশ থেকে ১৩২ জন শিশু প্রতিনিধি আসবে। তাদের সঙ্গে একজন করে অভিভাবকও থাকবেন। তাঁদের সবার খরচ আয়োজক কর্তৃপক্ষই বহন করবে। এবার মোট কয়টি ভেন্যুতে আয়োজন করেছেন?মোট ১৪টি ভেন্যুতে এবার উৎসবের ছবিগুলো দেখানো হবে। এর মধ্যে শুধু ঢাকায় নয়টি, চট্টগ্রামে তিনটি ও রাজশাহীতে দুটি ভেন্যু। ঢাকার ভেন্যুগুলো হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শিশু একাডেমী, জাতীয় জাদুঘর, ব্রিটিশ কাউন্সিল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ (দুটি হল), রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, খিলগাঁও মডেল স্কুল এবং হাজারীবাগে কলেজ অব লেদার টেকনোলজি। আর চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটের তিনটি হল এবং রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ এবং জেলা পরিষদ মিলনায়তনে। উৎসবে কী ধরনের ছবি দেখানো হবে?এবার আমরা ৪০টি দেশের মোট ২৩৩টি ছবি দেখানোর জন্য নির্বাচন করেছি। নানা ধরনের ছবি আছে। রয়েছে ফিচার ফিল্ম, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্র। সব কটি ছবিই বাচ্চারা দারুণ উপভোগ করবে। এবারও কি স্কুলের শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকছে?এবার স্কুলের অনেক শিক্ষার্থী ছবি দেখার সুযোগ পাবে। আমরা তাদের জন্য নানা ধরনের ব্যবস্থা রেখেছি। আমরা উৎসবের বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি। সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া যেসব স্কুলের নিজস্ব পরিবহন নেই, তাদের জন্য আমরা কয়েকটি বাসের ব্যবস্থা করেছি।শিশু-কিশোররা ইদানীং ছবি নির্মাণের দিকে ঝুঁকছে। এই খুদে নির্মাতাদের জন্য উৎসবে আলাদা কোনো ব্যবস্থা রেখেছেন?দ্বিতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব থেকে আমরা খুদে নির্মাতাদের ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছি। এবারও আমাদের উৎসবে শিশু-কিশোরদের নির্মিত শতাধিক ছবি জমা পড়েছে। সেখান থেকে আমরা উৎসবে প্রদর্শনের জন্য ৪৮টি ছবি নির্বাচন করেছি।খুদে নির্মাতাদের জন্য কোনো কর্মশালা থাকবে?এবারও শিশুদের জন্য একটি কর্মশালার ব্যবস্থা থাকবে। ২৫ জানুয়ারি দিনব্যাপী কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এটি আমিই পরিচালনা করব। এ ছাড়া তিনজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তারা আড্ডা দেওয়ার সুযোগ পাবে। তাঁরা হলেন মুহম্মদ জাফর ইকবাল, মেহতাব খানব ও লে. জে. (অব.) হারুনুর রশিদ। কোনো পুরস্কার দেওয়া হবে?উৎসবের জন্য যে ছবিগুলো বাছাই করেছি এবং রচনা প্রতিযোগিতার আহ্বান করেছিলাম, সেখান থেকে কয়েকজনকে আমরা পুরস্কৃত করব। ছবি নির্মাণের জন্য সেরাদের আমরা ক্রেস্ট, সনদপত্র ছাড়াও নগদ ২৫ হাজার টাকা দেব পরবর্তী ছবি নির্মাণের জন্য। আর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের শুধু ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। বিনোদন প্রতিবেদক