‘মহল্লার ভেতর দিয়ে রিকশা কিংবা ধীরগতির যানবাহন কম চলাচল করে। ফলে কোথাও যেতে হলে ধোলাইখালের মূল সড়কে এসে রিকশা নিতে হয়। গলির মুখে যদি লোহালক্কড়ের স্তূপ না থাকত, তবে অনায়াসে গলির ভেতর চলাফেরা করা যেত। আবার কখনো এসব পেরিয়ে রিকশা গলির ভেতর এলেও রাস্তাজুড়ে থাকা লোহালক্কড়ের কারণে ভুগতে হয় যানজটে।’ বলছিলেন কলতাবাজারের নাসিরউদ্দিন সরদার লেনের বাসিন্দা সোহরাব উদ্দিন। কলতাবাজারের এই ছোট্ট গলিপথ দিয়ে বেরোনো যায় ধোলাইখালের মূল সড়কে। অথচ ধোলাইখাল সড়কের ওপর থাকা কারখানা আর গাড়ির যন্ত্রাংশের দোকানের জন্য এলাকাবাসীর চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে।রায়সাহেব বাজার মোড় থেকে একটু পূর্ব দিকে এগিয়ে গেলেই পড়ে ধোলাইখাল সড়কের মুখ। সেখানে উত্তর দিকে চলে গেছে সড়কটি। সড়কটির কাগুজে নাম আবদুর রহিম সড়ক। দেখা গেছে, এই সড়কের বেশির ভাগ জায়গাজুড়েই রয়েছে লোহালক্কড়ের স্তূপ। কোথাও পুরোনো গাড়ি, গাড়ির যন্ত্রাংশের দোকান আবার কোথাও আছে গাড়ি মেরামতের কারখানা। ফলে ধোলাইখাল সড়কের দুই পাশের আবাসিক এলাকা লালমোহন সাহা স্ট্রিট, নারিন্দা রোড আর কলতাবাজারের নাসিরউদ্দিন সরদার রোড এলাকার বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।সড়কটির দুই পাশের এলাকা ঘুরে দেখা গেছে, লালমোহন সাহা স্ট্রিটের ফুটপাতের বেশির ভাগই লোহালক্কড়ের দখলে চলে গেছে। কোথাও আবার লোহার বড় বড় পাত কাটা হচ্ছে গ্যাসের আগুন দিয়ে। ফলে সেখানে ঝাঁজালো লোহা পোড়া গন্ধ পেরিয়ে পথ চলতে হচ্ছে। এখানে আরও অনেক দোকান আছে, যেগুলোয় হাতুড়ি দিয়ে লোহা পেটানো হচ্ছে। এ কারণে পথচারীদের কানে তালা লাগানো শব্দ রয়েছে এখানে।নারিন্দা বসু বাজারের বাসিন্দা শাহেদ আলী বলেন, ‘নারিন্দা বাজারের শেষ মাথায় রয়েছে একাধিক ব্যাংকের শাখা। সেখানে দাপ্তরিক কাজ সারতে আসা মুশকিল। পথে আছে পুরোনো রড সোজা করার দোকান। প্রায় প্রতিদিনই এসব কাজের কারণে দুর্ঘটনায় পড়ছে পথচারীরা।’অন্যদিকে নাসিরউদ্দিন সরদার লেনের একাংশে রয়েছে গাড়ি মেরামতের দোকান। এসব দোকানের মেরামতকাজ চলে মূল সড়কের ওপর। সড়কে জটলা করে বসে ঘষামাজা আর নানা যন্ত্রাংশ ধোয়ামোছা চলে দিনভর। ফলে এখানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।অলিগলির সঙ্গে সঙ্গে ধোলাইখাল সড়কের বিভাজকও বাদ পড়েনি দখল থেকে। নগরের সৌন্দর্য বর্ধনের আওতায় এখানকার বিভাজকে লাগানো হয়েছিল বাহারি সব গাছ। কিন্তু সেসব বাড়বাড়ন্ত গাছের নিচেই গড়ে উঠেছে যন্ত্রাংশের দোকান। সড়ক বিভাজকের দোকানগুলো ঘিরে সড়কে ক্রেতা-বিক্রেতার ভিড় থাকায় সেখানে যানজটের সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক গতির চেয়ে অনেক কম গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকেরা। আবার সড়ক বিভাজকে থাকা গাড়ি মেরামতের দোকানগুলো ঘিরে সড়কের ওপর বিকল যানবাহনও থেমে থাকছে। এ কারণেও সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।ধোলাইখাল সড়ক, এর ফুটপাত ও বিভাজক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে কী করা হচ্ছে, জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সড়কটির ওপর ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধ করতে প্রায়ই অভিযান চালানো হয়। কিন্তু অভিযান শেষে পুলিশ চলে যাওয়ার পর ব্যবসায়ীরা আবার সড়কে মালামাল রাখা শুরু করেন। তাঁদের বলেও কোনো লাভ হচ্ছে না। সড়কের ওপর ব্যবসার কাজ বন্ধ করতে হলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সড়কটি নিষ্কণ্টক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি জানান।