বিভিন্ন আত্মবোধের মধ্যে সংঘাত নেই: অমর্ত্য সেন
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, জন্মভিটা গ্রাম, দেশ, দক্ষিণ এশিয়া, সমগ্র এশিয়া, আন্তর্জাতিক মানবতা বোধসহ বিভিন্ন আত্মবোধের মধ্যে কোনো সংঘাত নেই। একটাই আত্মবোধ থাকতে হবে, তারও কোনো কারণ নেই। এই নানামুখী আত্মবোধ যতটা সম্ভব বৃদ্ধির জন্য কাজ করতে হবে।মানিকগঞ্জ উত্সব ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকা আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তিন দিনব্যাপী এ উত্সবের আয়োজন করে।অনুষ্ঠানে অমর্ত্য সেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন মানিকগঞ্জের এমন কয়েকজন গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।পরিষদের সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. আজহারুল ইসলাম মানিকগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি অমর্ত্য সেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে মানিকগঞ্জের ধলেশ্বরী নদী খনন ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আহ্বান জানানোর কথা বলেন।মানিকগঞ্জের সন্তান বিশিষ্ট এই অর্থনীতিবিদ এ আয়োজনের প্রশংসা করে বলেন, এতে সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পায়। আর ধলেশ্বরীর তেজ ফিরিয়ে আনার আন্দোলনের অংশীদার হতে পেরে তিনি গর্বিত বলে উল্লেখ করেন।