বিভিন্ন এয়ারলাইনসের কাছে বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা ৩১৬ কোটি টাকা
বিভিন্ন এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৩১৬ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ৯০৬ টাকা বকেয়া পাওনা রয়েছে। আজ রোববার জাতীয় সংসদে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের।৫৪টি এয়ারলাইনসের কাছে পাওনা ৩১৬ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ৯০৬ টাকার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা রয়েছে ১৪৪ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৪৩৫ টাকা, জিএমজি এয়ারলাইনসের কাছে পাওনা ৩৭ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ১৭৪ টাকা, ইভা এয়ারের কাছে ১৬ কোটি ১১ লাখ ৭৮ হাজার ১০৪ টাকা, ভিয়েতনাম এয়ারলাইনসের কাছে ১৩ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৪৮৪ টাকা। নওগাঁর সাংসদ মো. শহীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে তিনি সংসদে এ কথা জানান।ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেস্ট এভিয়েশনের বকেয়া পাওনা নয় কোটি ৬০ লাখ টাকা পরিশোধে কয়েক দফা তাগিদপত্র দেওয়া হয়েছে।স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে জি এম কাদের জানান, উড়োজাহাজের স্বল্পতা ও আর্থিক লোকসানের কারণে নিউইয়র্ক, ব্রাসেলস, ম্যানচেস্টার, প্যারিস, ফ্রাঙ্কফুট, মুম্বাই, টোকিও ও ইয়াংগুনে বিমানের ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে।একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমানের ১২টি উড়োজাহাজের মধ্যে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এ-৩১০-৩০০, একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর, দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দুটি এফ-২৮।জি এম কাদের আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ কেনার জন্য চুক্তি করেছে। এ ১০টি উড়োজাহাজের মধ্যে দুটি ৭৭৭-৩০০ ইআর ২০১১ সালে, অপর দুটি ৭৭৭-৩০০ ইআর ২০১৩ সালে, দুটি ৭৩৭-৮০০ ২০১৫ সালে এবং চারটি ৭৮৭-৮০০ এর মধ্যে দুটি ২০১৯ এবং অপর দুটি ২০২০ সালে বিমানের কাছে হস্তান্তর করা হবে।ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দেড় লাখ: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশে বর্তমানে সরকারি ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দেড় লাখ। আগে তাঁদের মাসে এক হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো। বর্তমানে এ ভাতার পরিমাণ বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।আজ রোববার সংসদে সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা তালিকায় কিছু অমুক্তিযোদ্ধা রয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকে পড়েছে। এদের চিহ্নিত করে সনদ বাতিলের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তাজুল ইসলাম বলেন, ২০০৯-১০ অর্থবছরে প্রতি মাসে দেড় হাজার টাকা করে মোট এক লাখ ২৫ হাজার মুক্তিযোদ্ধা ভাতা পেয়েছেন। এ অর্থবছরে ভাতা এবং মুক্তিযোদ্ধার সংখ্যা দুটিই বাড়ানো হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে সব মুক্তিযোদ্ধাকে পর্যায়ক্রমে ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।