বিভিন্ন জেলায় আটক ৮৮ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জামায়াতের ডাকে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত বগুড়া ও সিরাজগঞ্জে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া চাঁদপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী, নাটোর, ফেনী থেকে ৮৮ জনকে আটক করা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের তারিখ ঘোষণা করার পর গতকাল বুধবার দলটি এ হরতালের ডাক দেয়।বগুড়া: সকাল সাড়ে সাতটার দিকে শহরের জামিলনগর এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনের সড়কে কর্তব্যরত পুলিশের ওপর ইটপাটকেল ও কয়েকটি হাতবোমা ছোড়ে হরতাল সমর্থকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।বগুড়া সদর থানার পরিদর্শক (ওসি) সৈয়দ শহীদ আলম প্রথম আলো ডটকমকে জানান, পুলিশের ওপর জামায়াত-শিবির অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় কেউ আহত বা গ্রেপ্তার হয়নি।ওসি জানান, এ ঘটনার কিছুক্ষণ আগে শহরের খান্দার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা করে জামায়াত-শিবির। পুলিশ এ সময় কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।শহরে বিপুলসংখ্যক রিকশা চলছে। তবে অন্যান্য যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। চাঁদপুর: চাঁদপুরে পিকেটিংয়ের চেষ্টাকালে জামায়াত-শিবিরের ৩৭ জন কর্মীকে আটক করেছে পুলিশ। হরতাল চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। সকাল ১০টার পর শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।সকাল আটটার দিকে চাঁদপুর সাংস্কৃতিক জাগরণ মঞ্চ ও স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গসংগঠন হরতালবিরোধী মিছিল করেছে। চাঁদপুরে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার গাড়ি চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ১০টার পর বিজিবি মোতায়েন করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সিরাজগঞ্জ: সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকা এলাকার উত্তরবঙ্গগামী কয়েকটি বাস ও ট্রাকে হামলা চালায় পিকেটাররা। সকাল আটটার দিকে সেখানে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে তিনজন নারীসহ চার জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে জেলা জামায়াতের পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে দলটি। এদিকে, সকালে উল্লাপাড়ার শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বাগেরহাট: সকালে বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর জামে মসজিদের সামনে বাগেরহাট-রামপাল সড়কে ঢাকা থেকে বাগেরহাটগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে পিকেটাররা। এতে বাসচালক মুজিবর রহমান আহত হন। এ সময় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয় পিকেটাররা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।নোয়াখালী: সকাল নয়টার দিকে মাইজদী বাজার ও দত্তের হাট এলাকায় দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পিকেটররা। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে।কুষ্টিয়া: হরতালে নাশকতার আশঙ্কায় গতকাল রাত থেকে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১১ জনকে আটক করেছে পুলিশ। সকাল থেকে জামায়াত-শিবিরের কর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে হরতালের বিপক্ষে সকালে শহরের এনএস রোডে মিছিল করেছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।নাটোর: হরতালের সমর্থনে সকালে নারীকর্মীদের একটি দল শহরে ঝাড়ু মিছিল করে সড়ক অবরোধ করেন। এ ছাড়া, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এদিকে, লালপুরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।ফেনী: সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, দাগনভূঞা উপজেলার রামনগর এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে পাঁচ-ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন শিবিরকর্মীরা। (প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বগুড়া, চাঁদপুর, বাগেরহাট প্রতিনিধি; নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ; নোয়াখালী অফিস, কুষ্টিয়া অফিস, নাটোর প্রতিনিধি, লালপুর (নাটোর) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ফেনী)