বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
খুলনা, টাঙ্গাইল ও মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।খুলনা: পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার খোনামাদার এলাকায় যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। এর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে। এতে ২০ জন আহত হয়। আহত যাত্রীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।টাঙ্গাইল: আমাদের টাঙ্গাইল অফিস জানায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সকালে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালকসহ দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমভর্তি একটি ট্রাক চাঁদপুর যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক শরীফ (৩৫) নিহত হন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার নয়ারহাট গ্রামের তৌফিক পাটোয়ারীর ছেলে। আহত বাসের যাত্রী মমিদুল ইসলামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার কেবলকৃঞ্চ গ্রামে। মাদারীপুর: শিবচর উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কে সকাল ১০টার দিকে ইটবোঝাই ট্রাকের চাপায় মেহরাব হোসেন (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মেহরাব শিবচর উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার সন্নাসিরচর ইউনিয়নের বন্দরখোলা গ্রামের মৃত কুটি মিয়া খানের ছেলে ।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চড়ে সন্নাসিরচর থেকে শিবচরে আসছিলেন মেহরাব ও রনি নামের আরেক ছাত্রলীগ নেতা। শিবচর-পাঁচ্চর সড়কের গুয়াতলা দাদাভাই তোরণের কাছে পৌঁছার পর একটি ইটবোঝাই ট্রলি তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তাঁরা দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মেহরাবকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার (ওসি) ওসি আব্দুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, ট্রলিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে থানায় মামলা হয়নি।