বিভিন্ন দাবিতে হামলা-ভাঙচুর শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলা বিভাগে শিক্ষক-শূন্যতা দূর করাসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ছাত্রদের বাধা দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা গেছে, লালমনিরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা বিভাগে ছয় মাস ধরে কোনো শিক্ষক নেই। এ ব্যাপারে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজ অধ্যক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বাংলা বিভাগে কোনো শিক্ষক দেওয়া হয়নি। অন্য বিভাগের শিক্ষক দিয়ে এই বিভাগের ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছিল। এতে পড়াশোনার ব্যাঘাত ঘটায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ক্লাস বর্জন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।আজ সোমবার দুপুরে শিক্ষকের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। পরে অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় তাঁরা কলেজের দরজা-জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শিক্ষার্থীরা জানান, শিক্ষক-স্বল্পতা নিরসন, কলেজের খেলার মাঠে চাষাবাদ বন্ধ ও খেলাধুলার কক্ষ ব্যবহারের সুবিধা আদায়সহ বিভিন্ন দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।সূত্র জানায়, কলেজটিতে শিক্ষকের ৩০টি পদ রয়েছে। কিন্তু সেখানে কর্মরত রয়েছেন ১৫ জন শিক্ষক। শিক্ষক-সংকটের কারণে বর্তমানে কলেজটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জানান, গত ১৬ মার্চ বাংলা বিভাগের শিক্ষক শফিকুর রহমান বদলি হয়ে অন্যত্র চলে যান। এ ছাড়া কলেজে পদার্থবিদ্যা এবং বিল্ডিং ট্রেডের তিনজন শিক্ষকসহ মোট ১৫টি পদে শিক্ষক নেই। শিক্ষক চেয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।