সংবিধান সংশোধনের কাজে বিরোধী দলকে সম্পৃক্ত করার ব্যাপারে গণমাধ্যম সম্পাদকেরা যে পরামর্শ দিয়েছেন, তার সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রচেষ্টা অব্যাহত ছিল, আছে ও থাকবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত আজ বৃহস্পতিবার সংসদ ভবন মিডিয়া সেন্টারে এক প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন।সংবিধান সংশোধনের ব্যাপারে এভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নেওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ আখ্যায়িত করেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এমন নজির আর নেই।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিশেষ কমিটি গঠনের সময় থেকেই প্রধান বিরোধী দলকে এর সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। কমিটিতে তাদের জন্য এখনো জায়গা ফাঁকা রয়েছে। এরপর তাদের সঙ্গে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা যোগ না দিয়ে একে ‘দুরভিসন্ধিমূলক’ বলেছেন। এর পরও কমিটি আশা করে তারা বিশেষ কমিটির বৈঠকে যোগ দেবে এবং একই সঙ্গে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাবের ওপর আলোচনা করবে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনে গণবিজ্ঞপ্তি দিয়ে জনমত যাচাইয়ের কোনো সুযোগ নেই। সংবিধানের বাইরে গিয়ে বিশেষ কমিটি কিছুই করতে পারবে না।এর আগে গতকাল বুধবার সম্পাদকদের সঙ্গে কমিটির বৈঠকে গণবিজ্ঞপ্তি দিয়ে জনমত যাচাইয়ের ওই প্রস্তাব দিয়েছিলেন একজন সম্পাদক। সুরঞ্জিত বলেন, কমিটির পরবর্তী বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট নাগরিক ও দৈনিক পত্রিকার সম্পাদকদের কাছ থেকে পাওয়া মতামত পর্যালোচনা করা হবে। আগামী রোববার এ বৈঠক হবে। এর পরদিন অর্থাত্ সোমবার সংবাদ সম্মেলন করে ওই সব মতামতের ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে বিশেষ কমিটি। প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশেষ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করে।সর্বশেষ বুধবার তারা দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের মতামত নেয়।