বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্তে কমিটি
সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্তে পাঁচটি কমিটি গঠন করেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে তিতুমীর সরকারি কলেজ ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, তাতে আমরা চরম উদ্বিগ্ন। ছাত্রলীগ নামধারী যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। সে কারণেই এ তদন্ত কমিটি। এ কমিটি ওই সব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করবে।’ সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আর পুলিশের কাছে অনুরোধ, ছাত্রলীগ বিবেচনা করে তারা যাতে কাউকে ছাড় না দেয়।’এ ছাড়া তিতুমীর সরকারি কলেজ ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।