দেশের বিভিন্ন মাদ্রাসায় এখনো নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) সদস্য সংগ্রহসহ সাংগঠনিক কার্যক্রম রয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ছাড়া মধ্যপ্রাচ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিন থেকে চার হাজার হুজির ‘সাথী’ (সুহূদ) রয়েছেন। তাঁরা হুজিকে নিয়মিত অর্থ দিয়ে থাকেন বলে গতকাল বুধবার র্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়।র্যাবেরদাবি, হুজির নতুন আমির মাওলানা শেখ ফরিদকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে।শেখ ফরিদকে গ্রেপ্তারের আনুষ্ঠানিক ঘোষণা দিতে গতকাল র্যাব সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ফরিদকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে, ৪৮ ঘণ্টা টানা চেষ্টার পর গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার অদূরে টঙ্গী রেলস্টেশন থেকে শেখ ফরিদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর ফরিদ র্যাবকে বলেছেন, তিনি অসুস্থ স্ত্রীকে দেখতে ঢাকায় আসছিলেন। অবশ্য অপর একটি সূত্রের দাবি, অসুস্থ স্ত্রীকে দেখতে এসে ফরিদ গত শনিবার রাতেই ধরা পড়েন।সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেন, ২০০৯ সালে হুজির শীর্ষস্থানীয় নেতা মাওলানা আবদুস সালাম ও মাওলানা শফিকুর ইসলাম ধরা পড়ার পর হুজির প্রধান হিসেবে দায়িত্ব নেন শেখ ফরিদ। ফরিদ গত বছরের শুরুর দিক থেকে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি আবদুর রশীদ ছদ্মনাম ধারণ করে সেখানে ফলের বাগান করেছিলেন। কমান্ডার সোহায়েল এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, শেখ ফরিদ পাকিস্তান অবস্থান করছেন। গতকাল এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, রোববার রাতে গ্রেপ্তার হওয়া হুজির নায়েবে আমির মাওলানা সাব্বির ওই মিথ্যা তথ্য দিয়ে র্যাবকে বিভ্রান্ত করেছিলেন। র্যাব জানায়, রমনা বটমূলে বোমা হামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর সমাবেশে বোমা পুঁতে রাখার মামলার আসামি শেখ ফরিদ। তাঁর বাড়ি খুলনার রূপসা উপজেরার কাজদিয়া গ্রামে।প্রবাসীরা অর্থ দেয় হুজিকে: কমান্ডার সোহায়েল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ বলেছেন, সৌদি আরব ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী তিন থেকে চার হাজার বাংলাদেশি হুজির সুহূদ রয়েছে। তাঁরা নিয়মিত সংগঠনকে টাকা দিয়েছেন। এটি হুজির অর্থের অন্যতম উৎস।কমান্ডার সোহায়েল আরও জানান, হুজির নতুন সদস্য নিয়োগ-প্রক্রিয়া চলছে। বিভিন্ন জেলায় কিছু মাদ্রাসায় তাদের যোগাযোগ রয়েছে। সদস্যদের প্রশিক্ষণেরও চেষ্টা করছেন হুজি নেতারা।র্যাব গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান বলেন, হুজির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এখনো দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে রয়েছেন।হুজি ও শেখ ফরিদ: র্যাব জানায়, ১৯৮৭-৮৮ সালের দিকে আফগানিস্তানের যুদ্ধে অংশ নেন শেখ ফরিদসহ হুজির নেতারা। এরপর দেশে ফিরে হুজির সাংগঠনিক ও প্রশিক্ষণের কাজ শুরু করেন। ১৯৯৫-৯৬ সালে তাঁরা মিয়ানমারের আরাকানে যুদ্ধে অংশ নেন। ১৯৯৯-২০০০ সালের দিকে তাঁরা আফগানিস্তান, আরাকান ও বাংলাদেশে গ্রেনেড হামলা পরিচালনা করেন। এরপর ২০০৭-২০০৮ সালে তাঁরা মূলধারার রাজনীতিতে অংশ নেওয়ার জন্য আবারও নতুনভাবে সংগঠিত হন। এখন তাঁরা আবারও সহিংসতার পথ বেছে নিতে পারেন বলে মনে করছেন র্যাব কর্মকর্তারা।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পর মাওলানা ফরিদ, সাব্বির, ইয়াহিয়া, নোমানসহ আরও কয়েকজন মিয়ানমার যান। সেখানে সপ্তাহ খানেক থেকে তাঁরা আবার দেশে আসেন।সংবাদ সম্মেলনে বলা হয়, শেখ ফরিদ র্যাবকে জানিয়েছেন, কক্সবাজারের উখিয়ার মরিচ্যা মাদ্রাসায় আফগান যুদ্ধে যাওয়ার আগে তিনি প্রশিক্ষণ নেন। ১৯৯১ সালে চট্টগ্রামে হুজি নেতা আতিকুল্লাহ জুলফিকার, লালখান বাজার মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ইজহারুল ইসলাম, আবদুল মজিদ মাহমুদসহ কয়েকজনের সঙ্গে তাঁর বৈঠক হয়। বৈঠক শেষে দামপাড়ার জামিয়াতুল ফালাহ্ মসজিদে হুজির পক্ষ থেকে তাঁকে চট্টগ্রামের আমির করা হয়। ১৯৯৬ সালে শেখ ফরিদ হুজির ঢাকা মহানগরের আমির হন। এ সময় তাঁর তত্ত্বাবধানে ঢাকার লালবাগ মাদ্রাসা, রাহমানিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর জামিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা ও যাত্রাবাড়ীর কয়েকটি মাদ্রাসায় হুজির কার্যক্রম জোরদার করা হয়। ১৯৯৭ সালে তিনি হুজির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন। পরের বছর তিনি সংগঠনের মহাসচিব হন।