গাজী আবদুল হাকিমের বাঁশি বাদনের অ্যালবাম ‘সুরের ইন্দ্রজাল’। এটি এনেছে লেজারভিশন। একই প্রতিষ্ঠান থেকে সম্প্রতি এসেছে তাঁর বাঁশি বাদনের আরেকটি অ্যালবাম ‘সমুদ্রের বিকেল’। কথা হলো গাজী আবদুল হাকিমের সঙ্গে।‘সুরের ইন্দ্রজাল’ নিয়ে কিছু বলুন।বিভিন্ন রাগের ওপর ১০টি কম্পোজিশন করেছি এই অ্যালবামে। রাগগুলো হলো বৃন্দাবন সারং, দরবারি কানাড়া, খাম্বাজ ঠাট, কাফি ও ভৈরবীর মিশ্রণ, যোগিয়া, পাহাড়ি, পটদ্বীপ, হিন্দোল, পূরবী আর বিলাস খাস টোরী। একই অ্যালবামে সাধারণত এতগুলো রাগ একসঙ্গে পাওয়া যায় না। আর আমিও বড় কোনো কম্পোজিশন করিনি। শ্রোতাদের নানা স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই বলেন, ‘ক্লাসিক্যাল অ্যালবাম কেউ শুনতে চায় না। আমি চেয়েছি, সবাই যেন অ্যালবামটি শোনার ব্যাপারে আগ্রহী হয়।’আর ‘সমুদ্রের বিকেল’?এটি মাস তিনেক আগে বেরিয়েছে। পাহাড় ও সাগর আমার খুব পছন্দ। বিকেলবেলা সাগরতীরে দাঁড়ালে দেখা যায়, সূর্য কীভাবে ডুবে যাচ্ছে, পাখিরা ঘরে ফিরছে। মানুষের জীবনের সঙ্গে এর বেশ মিল রয়েছে। এ ভাবনা নিয়েই অ্যালবামটি। আটটি রাগের ওপর কম্পোজিশন করেছি।আর কোনো নতুন কম্পোজিশনের কথা ভেবেছেন?হ্যাঁ, এ বছরই আরও দুটো অ্যালবাম আসার সম্ভাবনা আছে। একটি বিভিন্ন ভাবনার ওপর। শতভাগ ক্লাসিক্যাল অ্যালবাম। এখানে বিভিন্ন রাগের ওপর আলাপ, বিস্তার ও তান থাকবে। অন্যটি লাইভ ইন হল্যান্ড। মাস ছয়েক আগে হল্যান্ডে একটি কনসার্ট করেছি। সেই কনসার্ট নিয়েই অ্যালবামটি। শুনেছি আয়োজকেরা ইউরোপের বিভিন্ন দেশে অ্যালবামটি বাজারজাত করবেন।ইদানীং এ ধরনের আর কোনো কনসার্ট করেছেন?গত ২৭ জুলাই মরক্কোতে একটি অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানে প্রথম গান করেন ফরিদা পারভীন। পরে আমি বাঁশি বাজিয়েছি। এর চেয়েও উল্লেখযোগ্য একটি ব্যাপার হলো, আগের দিন একই মঞ্চে গান করেছেন স্যার এলটন জন। মরক্কোর সরকার এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাদের পরিবেশনাও সবাই খুব প্রশংসা করেছে।