বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালকের পরীক্ষা স্থগিত
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠেয় আগামীকাল মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠেয় কালকের সব পরীক্ষাই স্থগিত করা হয়েছে।চলমান বার্ষিক পরীক্ষাও স্থগিত করেছে বিভিন্ন বিদ্যালয়। ধানমন্ডি গভ: ল্যাবরেটরি হাইস্কুলের একজন শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়ের কালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তিনি জানান, এর আগে স্থগিত হওয়া ৯ ডিসেম্বরের পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর সকালে আর কালকের পরীক্ষা হবে ওইদিন বিকেলে।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর কালকের পরীক্ষাটি হবে আগামী পরশু। আর নবম শ্রেণীর পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর শনিবার।এর আগে গত ৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা রাজপথ অবরোধ ও ৪ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।