আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দেশের মেধাবী সন্তানদের হত্যা করে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।আজ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর স্মৃতিসৌধ রাজনৈতিক দল ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে বলেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু দুর্ভাগ্য হলো, ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী আমাদের শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে। জাতি হিসেবে আমরা শহীদ বৃদ্ধিজীবীদের কাছে কৃতজ্ঞ।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশকে মেধা ও নেতৃত্বশূন্য করার জন্য শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তাঁদের আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বাণীতে বলেন, শহীদ বুদ্ধিজীবীরা একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। কিন্তু দেশের ভেতরে লুকিয়ে থাকা অপশক্তি তাঁদের প্রত্যাশাকে বাস্তবায়িত হতে দেয়নি। কর্মসূচি: আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে: আজ সকাল সাড়ে ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকাল আটটা ২০ মিনিটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তকব অর্পণ, আটটা ৪০ মিনিটে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, নয়টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আলোচনা সভা।বিএনপি ভোর ছয়টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া রাজধানী ঢাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ দেশবাসী নামে একটি সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা মিছিল করবে। সমৃদ্ধ বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল পাঁচটায় মিরপুরের জল্লাদখানা স্মৃতিপীঠে শহীদ পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা বুদ্ধিজীবী হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার সম্পর্কে তাঁদের অনুভূতি প্রকাশ করবেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘর নিজস্ব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।বাংলা একাডেমীর আয়োজনে বিকেল চারটায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: একটি রাজনৈতিক সাংস্কৃতিক বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন শহিদুল ইসলাম। একাডেমীর নজরুল মঞ্চে একই সময় আলোচনাও অনুষ্ঠিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে সাতটায় কালো পতাকা উত্তোলন, সাতটা ৪৫ মিনিটে শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং বেলা সাড়ে ১১টায় ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা। বিকেল চারটায় রায়েরবাজারের বধ্যভূমিতে আলোচনা সভার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।