বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতা-কর্মী এবং জয়পুরহাটের আক্কেলপুর থেকে শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জামায়াতের শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় নরসিংদীতে সাত এবং নওগাঁয় শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ঝালকাঠিতে গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের দুই নেতাকে।ব্রাহ্মণবাড়িয়া: গতকাল দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার শিবিরের মেস ‘খন্দকার ম্যানশনে’ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেতা-কর্মীরা ওই মেসে গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাশেদুল করিম, শহর কমিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, কর্মী রহমতুল্লাহ, জিয়াউল হক, রাহাত, আলী ইমরান, মকবুল হোসেন, সেলিম, সোহেল ইসলাম, আবদুল হামিদ, নাছির উদ্দিন, রোমান, ফারুক, আনাস ইবনে হারুন, আবদুল্লাহ আল হোসাইন, মুছা মিয়া, বিল্লাল মিয়া, শিব্বির আহমেদ, আবেদুর রহমান ও ঢাকার আজিমপুর এলাকার জামায়াত সদস্য পরিচয়দানকারী লোকমান হোসেন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হামিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করার জন্যই তাঁরা ওই গোপন বৈঠক করছিলেন।আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে শিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আল-মামুন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা হলেন শিবিরের কর্মী হাবিবুর রহমান, ফরহাদ হোসেন, ফরহাজুল ইসলাম। পুলিশ জানিয়েছে, নাশকতা সৃষ্টির জন্য শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন।জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রোয়াইড় গ্রামের শাহ সেকেন্দার জামে মসজিদে শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী বৈঠক করছিলেন। স্থানীয় লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। রাত নয়টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আলিমুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। অন্যরা দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কিছু জিহাদি বই ও সাংগঠনিক সফরসূচির তালিকা উদ্ধার করে।এ ঘটনায় থানার এএসআই আলিমুজ্জামান বাদী হয়ে ওই রাতে মামলা করেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানিয়েছেন, নাশকতা সৃষ্টির জন্য শিবিরের নেতা-কর্মীরা ওই গোপন বৈঠক করছিলেন বলে ধারণা করা হচ্ছে।নরসিংদী: নরসিংদী শহরের ব্রাহ্মণদী এলাকা থেকে গতকাল দুপুরে ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামীম হাসান, বোরহান উদ্দিন, রুবেল মিয়া, তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মোবারক হোসেন ও ইসমাইল হোসেন। তাঁরা নরসিংদীর জামিয়া কাশিমিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী।নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানিয়েছেন, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিছু পোস্টার জব্দ করা হয়েছে। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নওগাঁ: নওগাঁয় মোহাম্মদ হাবিব, আবদুর রহিম ও হারুন-অর-রশিদ নামের ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সবাই নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার ভোর ছয়টার দিকে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিসংবলিত পোস্টার লাগাচ্ছিলেন। ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করার পর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঝালকাঠি: ঝালকাঠিতে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতের শহর কমিটির সদস্য মজিবুর রহমান ও ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাসিরউদ্দিন। গত শুক্রবার রাতে শহরের কিফাইতনগর ও কৃষ্ণকাঠির বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, গত ২৯ জুন ঝালকাঠিতে জামায়াতের বিক্ষোভ মিছিলের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই দিন রাতেই একটি মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ভৈরব এবং ব্রাহ্মণবাড়িয়া, আক্কেলপুর (জয়পুরহাট), নওগাঁ ও ঝালকাঠি প্রতিনিধি]