বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় আগামীকালের হরতালের সমর্থনে মিছিল বের করলে দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ঢাকার দোহার, মাগুরা, ফরিদপুর ও জামালপুরে এ সংঘর্ষের ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর— দোহার (ঢাকা): হরতালের সমর্থনে মিছিল বের করলে ঢাকার দোহার উপজেলায় আজ সকালে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম মেছের, ছাত্রদল নেতা রিপন ও কুসুমহাটি ইউনিয়নের যুবদলের সেক্রেটারি মিজানুর রহমানসহ আটজনকে আটক করেছে পুলিশ। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করা হয়েছে।’মাগুরা: হরতালের সমর্থনে আজ সকাল ১০টার দিকে মাগুরা শহরের আনসার কলোনির সামনে মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।ফরিদপুর: আজ বেলা সোয়া ১১টার দিকে শহরের নিলটুলী মহল্লায় রাজেন্দ্র মেডিকেল হলের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী বাঁশের লাঠি নিয়ে মিছিল বের করে এবং হরতালের সমর্থনে স্লোগান দেয়। পুলিশ এ সময় লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৪২) এবং কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৩২)।দুজনকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস।জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার থানা মোড়ে আজ দুপুর ১২টার দিকে বিএনপির একটি বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাঠিপেটায় কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আগামীকালের হরতালের সমর্থনে মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির তালুকদারের নেতৃত্বে মিছিলটি বের হয়েছিল। তবে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় যানবাহন চলাচলে বাধা দিচ্ছিল। কর্তব্যরত পুলিশ এ সময় বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটের টুকরা ছোড়ে।