ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল
বিভিন্ন স্থানে রেললাইন উপড়ে ফেলা, আগুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর রাতে ফেনীতে রেললাইনের পেনডল ক্লিপ খুলে নেয় দুর্বৃত্তরা। এতে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে প্রায় ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। সিলেটের বিশ্বনাথ উপজেলায় রেললাইন উপড়ে ফেলায় মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায়ও রেললাইনে আগুন দেওয়া হয়। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৃহস্পতিবার রাতে চারটি স্টিলের স্লিপার তুলে নেয় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছেন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফেনী: ফেনী রেলস্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় নাশকতার কারণে দুর্ঘটনার শিকার হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও পেনডল ক্লিপ খুলে নিয়ে যায়। এতে রাত ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেল সূত্র জানায়, লাকসাম ও চট্টগ্রাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং মেরামত শেষে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে রেল যোগাযোগ আবার শুরু হয়। এ সময় মহনগর গোধূলী এক্সপ্রেস ছাড়াও ফেনী রেলস্টেশনের উভয় পাশে নয়টি ট্রেন আটকা পড়ে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের সূচি বাতিল করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার নাথ, বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন এবং অতিরিক্ত যান্ত্রিক প্রকৌশলী দুর্ঘটনাস্থল ও উদ্ধারকাজ সরেজমিনে পরিদর্শন করেন। বিশ্বনাথ (সিলেট): বৃহস্পতিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর রেলওয়ে স্টেশনের কাছে সিলেট-ছাতক রেললাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এলাকাবাসীর অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান। লাইন উপড়ে ফেলা স্থানে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ছাতক থেকে সিলেটগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার শিকার ট্রেনটির চালক শহিদুল ইসলাম বলেন, লাইনটি যে উপড়ে ফেলা হয়েছিল তা বোঝা যায়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারী কোনো ট্রেন সেখানে যায়নি। মৌলভীবাজার: ঢাকা-সিলেট রেললাইনের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন এলাকায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। পরে পানি ঢেলে আগুন নেভানো হয়। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কুলাউড়া রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে কুলাউড়া উপজেলার কুলাউড়া ও বরমচাল স্টেশনের মাঝামাঝি ছকাপন এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনের চালক এলাকার ৬ নম্বর ব্রিজের কাছে আগুন দেখে দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনের প্রহরীরা (গার্ড) ট্রেন থেকে নেমে লাইনের পাশ থেকে পানি ও কচুরিপানা এনে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। এতে লাইনের কিছু কাঠ পুড়ে যায়। আগুন নেভার পর ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এদিকে গতকাল রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থান সংস্কার করে। লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার এম মহিদুর রহমান জানান, দুর্বৃত্তরা পেট্রল দিয়ে আগুন লাগিয়েছিল। সংস্কার করা হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ উপজেলার দুটি রেলসেতুর কাঠের স্লিপারে দুর্বৃত্তরা আগুন দেয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভানুগাছ রেলস্টেশনের অদূরে ধলাই রেলসেতু ও মাগুরছড়া রেলসেতুর কাঠের স্লিপারে আগুন দেওয়া হয়। পরে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভান। গণপূর্ত (রেল) কর্মীরা রেলসেতু দুটি পরিদর্শন করেন। রাত সোয়া ১২টার দিকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে শ্রীমঙ্গলের গণপূর্ত (রেল) বিভাগের উপসহকারী প্রকৌশলী রেনু মিয়া জানান, এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।লালমনিরহাট: লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের আদিতমারী উপজেলার মুসর দৈলজোড় এলাকায় বৃহস্পতিবার রাতে চারটি স্টিলের স্লিপার ও প্রায় অর্ধকিলোমিটার এলাকার অন্তত ৪০০টি প্যানডল ক্লিপ খুলে ফেলে দুর্বৃত্তরা। এতে বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি রইছবাগ স্টেশনে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করতে বাধ্য হয়। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ট্রেনটি লালমনিরহাট ও সান্তাহার হয়ে ঢাকার পথে যাত্রা করে। লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক মো. আবদুল হাই জানান, রাত পৌনে নয়টার দিকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত জনবল দিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইনটি মেরামত করা হয়। রাত পৌনে ১০টার দিকে ট্রেনটি মুসর দৈলজোড় এলাকা অতিক্রম করে। তিনি বলেন, ঘটনাটি নাশকতামূলক হওয়ায় রেল কর্তৃপক্ষের উদ্যোগে মামলা করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।