বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে আটজন নিহত হয়েছে। গোপালগঞ্জ, কেরানীগঞ্জ ও নোয়াখালীতে আজ মঙ্গলবার ছয়জন এবং রাজশাহীর বাগমারায় গতকাল রাতে দুজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় আজ সকালে যাত্রীবাহী টেম্পো ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে সাত যাত্রী। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার তিলছড়ায় রাতইল আইডিয়াল কলেজের সামনে যাত্রীবাহী একটি টেম্পো ও একটি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের পার্শ্ববর্তী নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানা যায়নি। কেরানীগঞ্জের কদমপুর এলাকায় আজ মঙ্গলবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস গোধূলি পরিবহনের সঙ্গে ঢাকার নয়াবাজার থেকে ছেড়ে আসা মাওয়াগামী ডিএম পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশতাধিক যাত্রী। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। নোয়াখালী শহরের গোদার মসজিদ এলাকায় মাইজদী-সোনাপুর সড়কে আজ সকালে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মো. রাহুল (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল জানান, আজ সকাল সাতটার দিকে মক্তবে পড়া শেষ করে বাসায় ফিরছিল রাহুল। গোদার মসজিদ এলাকার মাইজদী-সোনাপুর সড়ক পার হওয়ার সময় সোনাপুর থেকে মাইজদী অভিমুখী আল-আমিন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ভাঙচুর করে এবং সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি। এর আগে গতকাল সোমবার রাতে রাজশাহীর বাগমারায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন আবদুল মান্নান (৩২) ও আলী হোসেন (৩০)। বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ জানান, রাত নয়টার দিকে মান্নান ও আলী মোটরসাইকেল চড়ে হাটগাঙ্গোপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ভবানীগঞ্জ-কামারপাড়া সড়কের কানাই শহর নামক স্থানে পৌঁছানোর পর ভবানীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।