বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত
দেশের বিভিন্ন স্থানে গত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছেন। এর মধ্যে মৌলভীবাজারে একই পরিবারের সাতজন, নাটোরে চার স্কুলছাত্রসহ পাঁচজন ও কেরানীগঞ্জে তিন শিশু নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মৌলভীবাজার: মৌলভীবাজার-কুলাউড়া সড়কে রাজনগর উপজেলার আশ্রাকাফন এলাকায় গত শনিবার একটি মাইক্রোবাস একটি অটোরিকশাকে ধাক্কা দিলে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। আহত হন সাতজন। নিহত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার কাদিপুর (অন্তেহরি) গ্রামের প্রণতি নমঃশূদ্র (৩৫), উনমতি নমঃশূদ্র (৩০), অনিমা নমঃশূদ্র (৪০), জীবন নমঃশূদ্র (৫), সজীব নমঃশূদ্র (৭), আশা নমঃশূদ্র (৪) ও সবুজ নমঃশূদ্র (৪)। গুরুতর আহত সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর: বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় গত মঙ্গলবার চার স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়। শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিতে করে নাটোরের রাজবাড়ি দেখতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তাদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাদিয়া গ্রামে। তারা হলো: মো. সুজন, মিলন মিয়া, জয়নাল হোসেন, রন্টু মিয়া ও তাদের বন্ধু মো. মতি। মিলন ষষ্ঠ শ্রেণী, সুজন ও জয়নাল সপ্তম শ্রেণী এবং রন্টু অষ্টম শ্রেণীতে পড়ত। এ সময় আরও ১১ জন আহত হয়। চার দিনে জেলার বিভিন্ন স্থানে প্রায় ৫০ জন আহত হয়েছেন।কেরানীগঞ্জ: দক্ষিণ কেরানীগঞ্জের রাজহালট এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আ. বাতেন (১২), মো. মিলন (৭) ও মো. সজীব (৬) নামের তিন শিশু নিহত হয়েছে। তাদের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার কুমলী এলাকায়।কুষ্টিয়া: মিরপুর উপজেলায় শনিবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) মকলেচুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার দুখীপুর গ্রামে। তিনি সাতক্ষীরার তালা থানায় কর্মরত ছিলেন। রাজশাহী: শহরের নওদাপাড়া চৌধুরী ফিলিং স্টেশনের সামনে সোমবার দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই হাফিজুর রহমান (৩২) নামের এক আরোহী নিহত হন। আহত নাহিদ হাসান ও আনছার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে নাহিদ মারা যান। নাহিদের বাড়ি দুর্গাপুরের কাচুপাড়া গ্রামে। হাফিজুরের বাড়ি তানোরের বনকেশর গ্রামে। নওগাঁ: শহরের বাইপাস সড়কে ব্রিজের মোড়ে গত সোমবার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কলেজছাত্র রাজীব চৌধুরী (২০) আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান। মহাদেবপুর উপজেলার মাতাজিহাট সড়কে যাত্রীবাহী ভটভটি উল্টে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক যাত্রীর নিহত হন। মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুরে গত রোববার নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. লাল্টু (৩৫) ও মারফত হোসেন (৩০) নামের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন। বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের খানজাহান (রহ.)-এর মাজার মোড়ে মঙ্গলবার পণ্যবাহী ট্রাকের চাপায় কাইয়ুম ফকির (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। কাইয়ুমের বাড়ি সদর উপজেলার পাটরপাড়া গ্রামে। ফরিদপুর: ভাঙ্গার মনসুরাবাদে সোমবার বাসের চাপায় নজরুল মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নগরকান্দার আশফারদী গ্রামে। তিনি নছিমনের চালক ছিলেন। ঈশ্বরদী (পাবনা): উপজেলার জয়নগর বোর্ডঘর এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুসহ চারজন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই উপজেলার মুলাডুলি গ্রামের শামীম হোসেন (২৩), মুলাডুলি শেখপাড়া গ্রামের এনামুল হক (২৫) এবং কুষ্টিয়ার মিলপাড়া গ্রামের লিটন খানের মেয়ে সাবাব আক্তার (১) নিহত হয়। নাটোরের বড়াইগ্রাম এলাকার শহিদুল ইসলাম হাসপাতালে মারা যান। নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে সোমবার লাশবাহী পিকআপ ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: ভোলার লালমোহন উপজেলার কালমা গ্রামের শাহনুর বেগম (৫৫) ও পিকআপ ভ্যানের চালক ফারুক হোসেন (৪০)। তারাগঞ্জ (রংপুর): উপজেলার বায়ানের বাড়ি এলাকায় রোববার একটি বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মাহফুজ ইসলাম (১৪) ও লোকমান হোসেন (১৩) নামের দুই স্কুলছাত্র নিহত হয়। তাদের বাড়ি বদরগঞ্জের সন্তোষপুর গ্রামে। পঞ্চগড়: শহর থেকে ধাক্কামারা যাওয়ার পথে মিনাবাজারের সামনে গতকাল বুধবার কনস্টেবল কাইয়ুমের মোটরসাইকেলের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের উত্তর জালাসী এলাকায়। জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া থেকে জুড়ীগামী একটি প্রাইভেট কার রোববার নিয়ন্ত্রণ হারিয়ে আছুরিঘাটে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির যাত্রী উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সহসভাপতি বাবুল আহমদ (৩৮) নিহত হন। এ সময় তিনজন আহত হন। বাবুলের বাড়ি জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার কুট্টাপাড়ায় রাস্তা পার হওয়ার সময় শনিবার একটি মোটরসাইকেলের ধাক্কায় রাহেলা বেগম (৩৫) নামের এক গৃহবধূ গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার রাতে তিনি মারা যান। টাঙ্গাইল: জেলার কালিহাতী উপজেলায় গতকাল জুলহাস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভূঞাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস জুলহাসকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি এলেঙ্গার ভাবলা গ্রামে। পূর্বধলা (নেত্রকোনা): উপজেলায় শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম হাছেন আলী (৮০)। তাঁর বাড়ি উপজেলার খলিশাউর ইউনিয়নের পাবই গ্রামে। চৌদ্দগ্রাম (কুমিল্লা): বাতিসায় মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস খাবার হোটেলে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে হোটেলের সামনে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৮) নিহত হন। এ সময় ১৯ জন আহত হন। রোববার মিয়াবাজার এলাকায় বাসের নিচে চাপা পড়ে ঠিকাদার নুর করিম (৪০) নিহত হন। দাউদকান্দি (কুমিল্লা): চান্দিনা উপজেলার নূরীতলায় মঙ্গলবার বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন: বরুড়ার তলা গ্রামের প্রশান্ত কুমার শীল (২৮), শ্রীকান্ত কুমার শীল (৩৫) ও দেবীদ্বারের গুনাইঘরের মানিক চন্দ্র বীর (৩০)। একই দিন বিকেলে চান্দিনার গোবিন্দপুরে বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। সোমবার দাউদকান্দির রায়পুরে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালক শাহ আলম (২৯) নিহত হন। ওই দিন বিকেলে ময়নামতি এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (২৮) নিহত হন। গত কয়েক দিনে উপজেলায় বিভিন্ন দুর্ঘটনায় ৮০ জন আহত হন।মুন্সিগঞ্জ: সিরাজদিখান উপজেলার নিমতলীতে শনিবার একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নুরী বেগম (৪৫) নামের এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হন। নুরীর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সিরাজদিখান উপজেলার লালবাড়িতে সোমবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। নিহত দুই ব্যক্তি হলেন: টঙ্গিবাড়ী উপজেলার আবদুর রহমান (৩৫) ও সিরাজদিখানের আবিরপাড়ার সুবর্ণা আক্তার (৭)। টঙ্গী (গাজীপুর): টঙ্গীর চেরাগ আলীতে শনিবার যাত্রীবাহী বাসের চাপায় মো. শহিদ (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। শহিদের বাড়ি গাজীপুর সদর থানার চান্দরা এলাকায়। গাজীপুর: সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গতকাল বিকেলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।