বিভ্রান্ত করতেই বিশ্বব্যাংকের সংস্কার প্রস্তাব
দেশের মানুষকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ভাষণে বিশ্বব্যাংকের সংস্কারের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, পদ্মা সেতুতে ঋণচুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের এ সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণের মধ্যে আস্থার সৃষ্টি করতে পারবে না।আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, এমন একটি সময়ে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সংস্কার চাইলেন, যখন তারা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুতে ঋণসহায়তা বন্ধ করে দিয়েছে। এখন আবার নতুন করে শর্ত দিয়েছে এবং তা পূরণ হলেই তারা পদ্মা সেতুতে ঋণ দেবে।গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বিশ্বব্যাংক-আইএমএফসহ বহুজাতিক দাতা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। ওই ভাষণে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য চারদলীয় জোট সরকারকে দায়ী করেন তিনি।প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য সর্বৈব মিথ্যা দাবি করে মির্জা ফখরুল বলেন, ১৯৯৬ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রমনার বটমূল, পল্টন ময়দান, যশোরের উদীচী, নারায়ণগঞ্জে বোমা হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, বাংলাদেশে কখনোই ওই অর্থে জঙ্গিবাদ বা সশস্ত্র কর্মকাণ্ড ছিল না। প্রধানমন্ত্রীর এ ভাষণে যারা দেশকে অকার্যকর বা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা উত্সাহিত হবে।জিসাস সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবীণ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, কবি আল মাহমুদ, নজরুল সংগীতশিল্পী শবনম মুস্তারিসহ চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পীরা বক্তব্য দেন।