বিভ্রান্তি দূর করতে কনকোফিলিপসের চুক্তি প্রকাশের সুপারিশ
জনগণের বিভ্রান্তি দূর করতে কনকোফিলিপসের সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তির যৌক্তিকতা গণমাধ্যমে প্রকাশের সুপারিশ করা হয়েছে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আজ বুধবার এ সুপারিশ করে। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।সংসদীয় কমিটি বঙ্গোপসাগরের গভীরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে দেশে বিরাজমান অবকাঠামোগত সমস্যা, যন্ত্রপাতির স্বল্পতা, সরকারি অর্থের সীমাবদ্ধতা এবং দেশের উন্নয়নে খনিজ সম্পদের প্রয়োজনীয়তা বিষয়টিও তুলে ধরার পরামর্শ দেয়।সভায় বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, চিফ হুইপ আবদুস শহীদ, বেগম নিলুফার জাফর উল্লাহ, আবদুল কাদের খান ও ওমর ফারুক চৌধুরী অংশ নেন। সভায় গ্যাস উত্পাদন বৃদ্ধির স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।সভায় বিদ্যুতের সমস্যাকে বর্তমান সরকারের ১ নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এ সমস্যা সমাধানে বিদ্যুত্ উত্পাদনের কার্যক্রম বেগবান করার জন্য বিদ্যুত্ মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুত্ বিভাগের কাজ সমাপ্ত করার সুপারিশ করা হয়।বৈঠকে সংসদীয় কমিটির সদস্যদের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনের সিদ্ধান্ত হয়। সভায় বিদ্যুত্ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, দেশের সীমানাভুক্ত গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকার ১৬ জুন উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) করে। এ নিয়ে নানা বিতর্ক চলছে।