বিভ্রান্তি সৃষ্টির সুযোগ দেওয়া উচিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়বাংলাদেশ যদি আমেরিকার মতো ক্ষমতাশালী দেশ হতো, তাহলে ১৯৭৩ সালের আইনটি থেকেও কঠোর কোনো আইন দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করা যেত। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে কোনো ক্ষমতাশালী দেশ নয়। রপ্তানি ও রেমিট্যান্সের আয়ের জন্য বাংলাদেশকে না চাইলেও পৃথিবীর অনেক দেশের মনোভাব বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। তাই আন্তর্জাতিকভাবে (এবং দেশেও) আরও বেশি গ্রহণযোগ্যতার স্বার্থে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার-সংক্রান্ত ১৯৭৩ সালের আইনটিকে আন্তর্জাতিক মানসম্পন্নভাবে সংস্কার করা প্রয়োজন ছিল। এটি এখনো করা হয়নি। গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধকে এককথায় আন্তর্জাতিক অপরাধ বলা হয়। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের ধারাবাহিকতায় এ অপরাধগুলোর বিচারের জন্য বর্তমানে আন্তর্জাতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য আইন হচ্ছে ২০০২ সালের রোম সংবিধি বা রোম চুক্তি। এ চুক্তি বাংলাদেশ সম্প্রতি অনুসমর্থন করেছে। কাজেই এ চুক্তির নীতি, বিধি ও মান অনুসরণ করে বাংলাদেশ তার নিজস্ব আইন অর্থাৎ ১৯৭৩ সালের আইনটি সংস্কার করবে বিভিন্ন মহল থেকে, এ প্রত্যাশা এখন আরও বেশি করে করা হবে।রোম চুক্তির সঙ্গে ১৯৭৩ সালের কিছু উল্লেখযোগ্য পার্থক্য আছে। রোম চুক্তিতে আন্তর্জাতিক অপরাধগুলো যেভাবে ব্যাখ্যা করা হয়েছে ১৯৭৩ সালের আইনে, তার চেয়ে কঠোরভাবে তা করা হয়েছে। যেমন: রোম চুক্তি অনুসারে মানবতাবিরোধী অপরাধ হতে হলে বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলাটি ব্যাপক বা সুসংগঠিত (ওয়াইডস্প্রেড অর সিস্টেমেটিক) হতে হবে। ১৯৭৩ সালের আইনে এ ধরনের শর্তের কথা উল্লেখ নেই। রোম চুক্তিতে অভিযুক্ত ব্যক্তির অধিকারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যেমন: এতে কোনো বিচারকের নিরপেক্ষতা বা কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করার সুস্পষ্ট অধিকার অভিযুক্ত ব্যক্তির রয়েছে। ১৯৭৩ সালের আইনে তা নেই। রোম চুক্তি যে পুরোপুরি অনুসরণ করতে হবে, তা নয়। তবে সাম্প্রতিককালে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াতে বিভিন্ন আদালত বা কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের বিচার বা নিষ্পত্তির ক্ষেত্রে রোম চুক্তির নীতি ও মানদণ্ডগুলো অনেকাংশে অনুসরণ করা হয়েছে। আমাদের দেশে এটি না করা হলে এ বিচারের মান নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন উঠতে পারে। ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করা উচিত। এটি আমাদের জাতীয় কর্তব্য। তবে এ বিচার নিরপেক্ষ, রাজনীতিমুক্ত ও মানসম্পন্ন হলে এ নিয়ে একাত্তরের পরাজিত শক্তি বা অন্য কেউ বিতর্ক বা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে না।