অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে রাজধানীর মহাখালী ও টঙ্গী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (১৯), মীর হোসেন (২৬) ও ইলিয়াছ মাস্টার (২৬)। গ্রেপ্তারের পর বিকেল পাঁচটার দিকে মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তাঁদের সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়।গতকাল সোমবার রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজের কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। প্রতিষ্ঠানটির কার্যালয় স্থানান্তরের জন্য জিনিসপত্র নিচে নামানো হচ্ছিল। নিচে জিনিসপত্র রাখা নিয়ে বিডিনিউজের পরিচ্ছন্নতাকর্মী রুহুল আমিনের সঙ্গে এক বাক-বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ ঘটনায় আজ সকালে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়।ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সমাজ সেবা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাহিদুলই প্রধান আসামি। তাঁকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। বাকি দুজন সহযোগী। তাঁরা ছাড়া আরও বেশ কয়েকজন ঘটনায় সংশ্লিষ্ট। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে তাঁদের গ্রেপ্তার করতে তত্পরতা চালাচ্ছে পুলিশ।জাহিদুল সাংবাদিকদের ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করলেও মীর হোসেন ও ইলিয়াছ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। তবে প্রত্যেকেই সাংবাদিকদের দিয়েছেন বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য। সাংবাদিকদের প্রশ্নের সময় মাঝেমধ্যে উত্তেজিত হয়ে উঠছিলেন জাহিদুল।জাহিদুল সাংবাদিকদের বলেন, সোমবার রাতে মহাখালীর সড়কে সাইকেল চালাচ্ছিলেন তিনি। কিন্তু যানজটে পড়ায় একপর্যায়ে ফুটপাত দিয়েই সাইকেল চালানো শুরু করেন। কিছুদূর যাওয়ার পর তিনি দেখেন, একটি ভবনের সামনে কয়েকজন মালামাল নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি মালামাল সরিয়ে জায়গা করে দিতে বলেন। কিন্তু এক ব্যক্তি ফুটপাত দিয়ে সাইকেল চালানোর কারণ জানতে চাইলে তাঁর সঙ্গে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে চড় মারেন। পরে তিনি ফোনে ইমরান নামের এক বড় ভাইকে খবর দেন। ইমরান আসা মাত্রই তিনি ওই ব্যক্তিকে পাল্টা চড় দেন। এ সময় আরও কয়েকজন লোক তাঁকে ধরে ওই ভবনের ভেতর ঢুকিয়ে ফেলে। ইমরান পালিয়ে যান। সেখানে ৩০-৪০ জন তাঁকে মারধর করে। পরে ইমরান এলাকার ইয়াকুব ও সাদ্দাম নামের দুই যুবককে নিয়ে এসে তাঁকে উদ্ধার করে।সাংবাদিকদের ছুরিকাঘাতের ব্যাপারে জানতে চাইলে জাহিদুল দাবি করেন, কিলঘুষি হলেও তাঁরা কাউকে ছুরিকাঘাত করেননি। তবে চড় খাওয়ার পর ইমরানকে ফোন করেই তিনি পাশের একটি বৈদ্যুতিক দোকান থেকে ছুরি নিয়ে আসেন। পরে ছুরিটি কেড়ে নেওয়া হয়। ছুরি আনার কারণ সম্পর্কে বলেন, ‘আমার আবার মেনটালিটি খারাপ। রাগ হইছিল। তাই ছুরি নিছি। তবে বড় ভাইয়ের হাতে কিছু ছিল না।’‘৩০-৪০ জন লোকের কাছ থেকে মাত্র তিনজন আপনাকে কীভাবে উদ্ধার করল’ প্রশ্ন করলে জাহিদুল বলেন, ‘ওই সময় সবাই উপড়ে চইলা গেছিল।’জানতে চাইলে জাহিদুল প্রথমে সাংবাদিকদের বলেন, ডেকে আনা যুবকগুলো যুবলীগের। তিনি নিজে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যান। কিন্তু পরে বলেন, তিনি ওই যুবকগুলো রাজনীতির সঙ্গে জড়িত নন। যুবকেরা তাঁর এলাকার বড় ভাই। জাহিদুল মহাখালীর তিতুমীর কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র বলে দাবি করেন। তাঁর বাসা মহাখালীতে।জানতে চাইলে জাহিদুল প্রথমে বলেন, তিনি ঘটনার পর টিভিতে সংবাদ দেখে তিনি জানতে পারেন, যাঁদের সঙ্গে সমস্যা হয়েছে, তাঁরা সাংবাদিক। অবশ্য পরে বলেন, ‘এখানেই (ব্রিফিংয়ে) আপনাদের কাছ থেকে জানতে পারছি, তারা সাংবাদিক ছিল।’ মীর হোসেন বলেন, তিনি টঙ্গীতে থাকেন। সেখানে একটি সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি। ঘটনায় তিনি জড়িত নন। তিনি গ্রেপ্তার বাকি দুজনকে চেনেন না। এসব দাবির একপর্যায়ে জাহিদুলকে দেখিয়ে প্রশ্ন করলে মীর হোসেন তাঁর নাম বলে দেন। ‘চেনেন না নাম জানলেন কীভাবে?’ এবার মীর হোসেন বলেন, তাঁর জন্মস্থান মহাখালীতে। জাহিদুল তাঁর প্রতিবেশী।গ্রেপ্তার ইলিয়াছ দাবি করেন, তিনি ফেনসিডিল কিনতে গিয়েছিলেন। এরই মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তিনি মহাখালীতে গাড়ি চালনার প্রশিক্ষণ দেন।পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই বেশ উচ্ছৃঙ্খল, ধূর্ত ও বিপজ্জনক। জাহিদুলের মধ্যে মাত্রাটা বেশি। তারা মহাখালী এলাকার সন্ত্রাসীর চক্রেরই সদস্য। তাঁরা তিনজনই দিয়েছেন বিভ্রান্তিকর তথ্য। রিমান্ডে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে ঘটনার বাইরেরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।