বিভ্রান্তিতে গবেষক ও ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট জনসংখ্যার তথ্যে বিভ্রান্তিতে পড়েছেন দেশের গবেষক ও ব্যবসায়ীরা। ১৬ কোটির বেশি মানুষ ধরে সব ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে এত দিন। নতুন তথ্যে সবার হিসাব-নিকাশ পাল্টে গেছে।সাধারণত মোট জনসংখ্যার ওপর ভিত্তি করেই দেশের প্রায় সব ধরনের নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারকেরা আমদানি পরিকল্পনা করার ক্ষেত্রেও বিবেচনায় রাখেন জনসংখ্যাকে।এ ছাড়া গবেষকেরা গবেষণা করেন, ভোটের অঙ্ক কষেন রাজনীতিবিদেরা। রাজনৈতিক সরকারের নির্বাচনী ইশতেহার ও দলীয় দর্শন অনুযায়ী করা হয় বাজেট প্রণয়ন। সবই মোট জনসংখ্যার ওপর ভিত্তি করে।যোগাযোগ করা হলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক আদমশুমারি ও গৃহগণনা জরিপটি গুণগত মানসম্পন্ন হয়েছে কি না এবং দেশের বাইরেও যে বিশাল জনগোষ্ঠীর বসবাস রয়েছে, তা হিসাবের মধ্যে এসেছে কি না, সেটাও দেখতে হবে।ড. দেবপ্রিয় বলেন, যেকোনো নীতিনির্ধারণের ক্ষেত্রে মৌল নির্ধারক হলো জনসংখ্যা। এই সংখ্যা ঠিক না থাকলে অনেক ক্ষেত্রেই আমদানির চাহিদা, শিক্ষা, স্বাস্থ্যসহ অনেক খাতই বেলাইনে চলে যাবে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় বিষয় হলো ভোটারসংখ্যা। ভোটার বাড়ার সঙ্গে জনসংখ্যা বাড়ার তথ্য সামঞ্জস্যপূর্ণ হতে হবে।দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, অনুমিত জনসংখ্যা (১৫-১৬ কোটি) কমে ১৪ কোটির কিছু বেশি হওয়ায় এখন মাথাপিছু আয়ের হিসাবে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। অঙ্কের হিসাবে অনেক দ্রুততার সঙ্গে মধ্য আয়ের দেশে পরিণত হওয়াও সহজ হবে।জনসংখ্যার মোট তথ্য জেনে বিস্ময় প্রকাশ করেছেন দেশের অন্যতম ভোগ্যপণ্য আমদানিকারক মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা বিভ্রান্তির মধ্যে আছি। জনসংখ্যা ১৫ থেকে ১৬ কোটির মাঝামাঝি ধরে নিয়ে এত দিন আমদানি পরিকল্পনা গ্রহণ করে আসছি। প্রতিবছর ছয় শতাংশ করে আমদানির পরিমাণ বাড়াই।’কৌতুক করে মোস্তফা কামাল বলেন, ‘ভালোই হলো, এখন বেশি আমদানি করতে হবে না। বিশাল অঙ্কের ডলার বেঁচে যাবে।’দেশে কোনো কিছুরই সঠিক পরিসংখ্যান নেই বলে মন্তব্য করে মোস্তফা কামাল আরও বলেন, পরিসংখ্যান না থাকলে কোনো ভালো পরিকল্পনা করা যায় না। বাংলাদেশেও যাচ্ছে না।বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের সাপ্লাই চেইন বিভাগের প্রধান রিয়াজ চৌধুরী প্রথম আলোকে জানান, দেশের জনগোষ্ঠী ১৫ কোটিরও বেশি ধরে তাঁরা সয়াবিন তেলের ভোক্তাশ্রেণী হিসাব করে আসছেন। এখন একটু বিভ্রান্তিতেই পড়ে গেলেন।যখন জানলেন যে দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ, আমদানির পরিমাণ কি কমিয়ে দেবেন? এই প্রশ্নের জবাবে রিয়াজ চৌধুরী বলেন, ‘আমরা আমাদের হিসাবে আমদানি করব, সরকারের হিসাবে নয়।’ভোগ্যপণ্যের আরেক বড় আমদানিকারক সিটিগ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, দেশে ভোজ্যতেল ১২ লাখ টন এবং চিনি ১৬ লাখ টনের চাহিদা রয়েছে বলে তাঁরা মনে করেন। সে অনুযায়ীই আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলেন। আর সরকার যাই বলুক না কেন, দেশের মোট জনসংখ্যা সাড়ে ১৫ কোটি বলেই ধরেন তাঁরা।