বিভ্রান্তিমূলক তথ্য ও বক্তব্য পরিবেশিত হচ্ছে, অভিযোগ রেজিস্ট্রারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম বলেছেন, ‘প্রায়ই লক্ষ করা যাচ্ছে তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের কার্যক্রমকে ট্রাইব্যুনালের কার্যক্রম হিসেবে উল্লেখ করে সংবাদ পরিবেশিত হচ্ছে, যা সংগত কারণেই ট্রাইব্যুনালের জন্য বিব্রতকর ও উদ্বেগের কারণ। একই সঙ্গে এই বিভ্রান্তিমূলক অবস্থা জনমনে ভিন্ন ধারণারও জন্ম দেয়।’ তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের পরিচালিত কার্যক্রম ট্রাইব্যুনালের কার্যক্রম হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনালকে উদ্ধৃত না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে রেজিস্ট্রার এ আহ্বান জানান। এ সময় ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।শুরুতে শাহিনুর ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কার্যক্রম এবং কর্মপরিধি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ও বক্তব্য পরিবেশিত হচ্ছে, যা আইনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি ও একজন অবসরপ্রাপ্ত জেলা জজের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত। এই ট্রাইব্যুনাল স্বাধীন। এর কার্যক্রম ও দায়িত্ব হলো আইন ও বিধি অনুসারে স্বাধীনভাবে বিচারিক দায়িত্ব পালন করা। মামলাগুলোর তদন্তের ব্যপারে এবং কাউকে গ্রেপ্তারের জন্য আবেদনের শুনানি ও বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় বিচারিক আদেশ প্রদান করেন। ওই আইনের অধীনে কোনো অভিযোগের তদন্ত কাজে ট্রাইব্যুনালের তদারকির ব্যবস্থা নেই। এটা সম্পূর্ণরূপে তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের ওপর ন্যাস্ত।