বিভ্রান্তির অবকাশ নেই, গ্রেপ্তার ১১
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ১১ জন বা তার বেশি জন গ্রেপ্তার হতে পারে। তাঁর দাবি, এ ঘটনায় গ্রেপ্তারের বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী এক আলোচনা সভায় বলেন, বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ডে ওইদিন সকাল পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (গণমাধ্যম শাখা) মাসুদুর রহমান দাবি করেন, ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের ঘটনা নিয়ে এই বিভ্রান্তি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, রাজধানীতে ৪০০ পুলিশ কর্মকর্তা কাজ করছেন। কোন পুলিশ কর্মকর্তাই সুনির্দিষ্ট করে বলতে পারবেন না কোন ঘটনায় কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কাছে সব খবর আছে। আমরা এই খবর দিতে সক্ষম। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আট জনকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।