বিভ্রান্তির অভিযোগ ১০ ব্যক্তির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ায় জমি দখল নিয়ে ভাঙচুর ও অপহরণের অভিযোগে করা মামলায় ১০ ব্যক্তির আগাম জামিন বাতিল করেছেন হাইকোর্ট। ওই ১০ ব্যক্তিকে আগামী চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।তাঁরা হলেন শহীদ, পরশ, রুবেল, রকি, দীন ইসলাম, আলীমুদ্দিন, ইয়াসিন, জসিম, আলমগীর ও আইয়ুব খান।জানা যায়, আশুলিয়ায় জমি দখলকে কেন্দ্র করে মারধর, ভাঙচুর ও সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে সাইফুলের বাবা শামসুল হক গত বছরের ৬ অক্টোবর আশুলিয়া থানায় মামলা করেন। একই বছরের ১২ অক্টোবর ওই মামলায় আসামিরা ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তবে এর বিরুদ্ধে বাদী জেলা জজ আদালতে আবেদন করলে গত ২৮ ডিসেম্বর আদালত আসামিদের জামিন বাতিল করেন। পরে এ বছরের ২ ফেব্রুয়ারি আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন পান। এ ঘটনায় সুজনের বাবা শামসুল হক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের কাছে আইনগত সহায়তা চান। সংগঠনের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি আদালতের নজরে আনেন। শুনানি গ্রহণ করে আদালত এ আদেশ দেন।এ ব্যাপারে মনজিল মোরসেদ জানান, জজ আদালত আসামিদের জামিন বাতিল করেন। এরপর তাঁদের আগাম জামিনের আবেদন করার কোনো বিধান নেই। এই হিসেবে নিম্ন আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের কথা। কিন্তু তা না করে তাঁরা হাইকোর্টে আগাম জামিন চান। আদালতকে বিভ্রান্ত করে প্রতারণার আশ্রয় নিয়ে আসামিরা জামিন নেওয়ায় হাইকোর্ট তা বাতিল করেছেন।