বিভ্রান্তির খেলা বন্ধ করুন
সমুদ্রজয়ে বিরোধীদলীয় নেত্রী সরকারকে ধন্যবাদ দিয়ে তা প্রত্যাহার করা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ক্ষমতায় থাকতে সমুদ্র নিয়ে কিছুই করেনি। আমরা অর্জন করলাম। জাতি উল্লসিত হলো। এখন এ বিজয়ে কী পেলাম, কী পেলাম না, তা নিক্তিতে মাপতে শুরু করলেন। জাতিকে তারা বিভ্রান্ত করছে। এ খেলা বন্ধ করুন।’আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমুদ্রজয় উপলক্ষে এক বিশাল যুব গণসংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম। পরে যুব সংগ্রাম পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর হাতে তা তুলে দেন। সমুদ্রজয়ে আওয়ামী যুবলীগ, যুবমৈত্রী, জাতীয় যুব জোট, যুব মহিলা লীগ, যুব আন্দোলন, যুব সমিতি ও জাতীয় যুব ঐক্য এ সংবর্ধনার আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র গবেষণার জন্য একটি ইনস্টিটিউটের কাজ শুরু হয়েছে। সমুদ্রে কী সম্পদ আছে এবং তা অর্থনৈতিক উন্নয়নে কীভাবে কাজে লাগতে পারে, এ নিয়ে গবেষণা হবে। তিনি বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে কিছু পায়। আর বিএনপি কেবল নিতে জানে, দিতে জানে না। আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র নিয়ে মামলার যে রায় হবে, তাতেও বিজয়ী হব।’প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে দেয়। পাকিস্তান আমলেই আওয়ামী লীগ সরকার শাসনতন্ত্র রচনা করে। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। ১৯৯৬ সালে আমাদের সরকার একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা এনে দেয়। তিনি বলেন, ‘গঙ্গার পানি চুক্তি অনুযায়ী ৫৪টা অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া যাবে। আঙ্গরপোতা-দহগ্রাম তিন বিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, বর্তমান সরকার ২৮ লাখ লোকের কর্মসংস্থান করেছে। সাড়ে চার লাখ লোকের সরকারি চাকরি হয়েছে। রপ্তানি বৃদ্ধি হয়েছে, বিনিয়োগ বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে।আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু দেশের মানচিত্র দিয়ে গেছেন। তাঁর কন্যা আরেকটি বাংলাদেশসম সমুদ্র দিয়ে গেলেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সমুদ্রজয়ে কোনো যুদ্ধের প্রয়োজন হয়নি। শেখ হাসিনা মেধা দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এ জয় এনে দিয়েছেন। এ যুদ্ধ ছিল আত্মবিশ্বাসের সঙ্গে সত্যের সমন্বয়। আর তাতেই জয় এসেছে।যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় আরও বক্তব্য দেন সৈয়দা সাজেদা চৌধুরী, দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, যুবমৈত্রীর কিশোর রায়, জাতীয় যুব জোটের রোকনুজ্জামান, যুব মহিলা লীগের নাজমা আকতার, জাতীয় যুব ঐক্যের খায়রুল আলম ও যুব আন্দোলনের মুশাহিদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম।