বিভ্রান্তির বক্তব্য না দেওয়ার আহ্বান
পদ্মা সেতুর বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বক্তব্য না দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘এ সেতু হলে তো শুধু আওয়ামী লীগের নেতারাই পারাপার হবেন না। ১৮ দলের নেতারাও পারাপার হবেন। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা রাজনীতি করুন।’আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বেগম খালেদা জিয়ার বক্তব্য অশালীন ও অপসংস্কৃতির শামিল’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এ আলোচনা সভার আয়োজন করে।সংগঠনটির সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পদ্মা সেতুর মতো একটি বড় রাজনৈতিক ইস্যু হাতছাড়া হয়ে যাওয়ায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বেসামাল হয়ে অসংযত ভাষায় কথা বলছেন।’ তিনি বলেন, বিশ্বব্যাংক একবার কোনো চুক্তি বাতিল করলে তা আর চালু করে না। কিন্তু কূটনৈতিকভাবেই হোক আর রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমেই হোক, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ফিরে এসেছে। বিরোধী দল সরকারের অংশ হিসেবে এ কৃতিত্বের ভাগ নেবে বলে সরকার আশা করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু তা না করে বেসামাল হয়ে খালেদা জিয়া অসংযত ভাষায় কথা বলছেন।’ ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে নির্বাচন হতে দেওয়া হবে না’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘নির্বাচনে আপনার দল অংশ নেবে কি না তা আপনার দল বা জোট ঠিক করতে পারে। কিন্তু নির্বাচন প্রতিহত করবেন, তা হতে পারে না।’সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই খালেদা জিয়া একের পর এক ষড়যন্ত্র করেছেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন। আর হুমকি-ধামকি দিয়ে বর্তমান সরকারের কাছ থেকে কোনো অগণতান্ত্রিক দাবিও আদায় করা যাবে না।