বিমা ও বিমা উন্নয়ন বিল সংসদে পাস
জাতীয় সংসদে গতকাল বুধবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল-২০১০ এবং বিমা বিল-২০১০ পাস হয়েছে। বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পর্যায়ক্রমে বিল দুটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের দেওয়া বেশ কয়েকটি সংশোধনীর মধ্যে কয়েকটি গৃহীত হয়।আলোচিত এ বিল দুটি ২০০৯ সালে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং বিমা অধ্যাদেশ জারি করা হয়েছিল। নবম জাতীয় সংসদে অধ্যাদেশ দুটি আইনে পরিণত না হওয়ায় অকার্যকর হয়ে যায়। পরে সংশোধিত আকারে বিল দুটি সংসদে আনা হয়।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল পাস হওয়ায় এ আইন কার্যকর হলে বিমা অধিদপ্তর বিলুপ্ত হয়ে ‘বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ নামে নতুন সংস্থায় পরিণত হবে। ওই অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে ন্যস্ত হবে।বিল পাসের আগে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বিমা শিল্পের উন্নয়ন এবং এ শিল্পকে গতিশীল করতে এ বিল আনা হয়েছে। এর মাধ্যমে বিমা আইন যুগোপযোগী হওয়ার পাশাপাশি পলিসিগ্রাহক ও এর অধীনে উপকারভোগীদের স্বার্থ সংরক্ষণ হবে। এতে বিমা খাতের নিয়মতান্ত্রিক প্রসারের পথ সুগম হবে।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিলে স্ব্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ও আওয়ামী লীগের মাহমুদ-উদ-সামাদ চৌধুরীর আনা সংশোধনীর প্রস্তাবগুলো করেন অর্থমন্ত্রী। এ বিলে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে একজন চেয়ারম্যান ও চারজন সদস্যের সমন্বয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত হবে। চেয়ারম্যান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে এ আইনের অধীনে প্রণীত বিধি ও প্রবিধান অনুসারে প্রশাসন পরিচালনা করবেন। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে ঢাকায়। চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতার মাপকাঠি হবে বিমা ক্ষেত্রে অন্যূন ১৫ বছরের অভিজ্ঞতা। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিবছর বার্ষিক বাজেট বিবরণী অনুমোদনের জন্য সরকারের কাছে পেশ করবে।বিমা বিল-২০১০-এ বলা হয়েছে, বিমা খাতের সম্প্রসারণ, বিমা শিল্পকে যুগোপযোগী করতে এ আইন করা হচ্ছে। দেশের আর্থসামাজিক অবস্থা ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিমা খাতে প্রযোজ্য আন্তর্জাতিক আইনকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধান ও ব্যবসা-বাণিজ্যে ঝুঁকি কমাতে সক্ষমতা বাড়াতে বিলটি আনা হয়েছে। বিমা শিল্পে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদত্ত আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং আইনের বিধান লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য পাঁচ হাজার টাকা করে অতিরিক্ত অর্থ জরিমানার বিধান এ আইনে রাখা হয়েছে। একই গ্রাহকদের সঙ্গে চুক্তি সম্পাদনে প্রতারণার আশ্রয় নিলে এ সংক্রান্ত প্রমাণ হলে সর্বোচ্চ ১০ লাখ টাকা অথবা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। চুক্তির মধ্যে মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ তিন বছরের দণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানও বিলে রাখা হয়েছে।উল্লেখ্য, ১৯৩৮ সালে ইন্স্যুরেন্স অ্যাক্ট প্রণয়ন করা হয়। পরে তা বিভিন্ন সময় সংশোধন ও পরিবর্তন করা হয়। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সংস্কার করা বিমা আইন-২০১০ বিলটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।এর আগে বিল দুটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব রেখে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, আবুল খায়ের ভূঁইয়া, রাশিদা বেগম, সৈয়দা আশিফা আশরাফি, জেড আই এম মোস্তফা আলী, হারুনুর রশীদ, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ, স্বতন্ত্র ফজলুল আজিম বক্তব্য দেন। এ ছাড়া বিরোধী দলের অন্যদের দফাওয়ারি সংশোধনী প্রস্তাবগুলোও ভোটে নিষ্পত্তির পর বিল দুটি কণ্ঠভোটে পাস করা হয়।