বিমা কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির ১৫ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে রাজধানীর গুলশানে আড়াই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পত্তি দখল করেই ক্ষান্ত হয়নি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ায় কোম্পানিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদের ওপর একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শেফাক আহমেদকে হয়রানি করতে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। মামলাগুলোতে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। শেফাক আহমেদ অভিযোগ করেন, পপুলার লাইফ ইনস্যুরেন্সের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়ার পর থেকে এসব মামলা দেওয়া শুরু হয়। পপুলার লাইফ কর্তৃপক্ষই বিভিন্ন ব্যক্তিকে দিয়ে এসব মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করছে। তিনি বিষয়টি অর্থ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানিয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মাসে প্রথম আলোকে বলেন, আড়াই হাজার কোটি টাকার সরকারি জমি দখলসংক্রান্ত পপুলার লাইফের মহা জালিয়াতির বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তিনি বলেন, এই বিমা কোম্পানিকে দুর্নীতিতে মদদ জোগাচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। মিথ্যা মামলা রোধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে একটি চিঠি দিয়েছেন বলেও অর্থমন্ত্রী জানান।স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্থমন্ত্রীর চিঠি: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে গত ১৫ এপ্রিল দেওয়া চিঠিতে অর্থমন্ত্রী বলেন, ‘পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি জালিয়াতি ও দুর্নীতির তদন্তে দোষী। আইডিআরএ ব্যাখ্যা চেয়ে কোম্পানিটিকে কারণ দর্শাও নোটিশ দেওয়ার পর আমার কাছে সরকারের অত্যন্ত প্রভাবশালী কতিপয় ব্যক্তি আবেদন করেন যে, কারণ দর্শাও নোটিশ প্রত্যাহার করা হোক এবং সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। আমার কাছে প্রস্তাবটি গ্রহণযোগ্য মনে হয়নি। কারণ, কোম্পানিটি কেন ব্যাখ্যা দিতে আপত্তি করবে?’আইডিআরএর চেয়ারম্যানের সরকারি পরিচয় গোপন রেখে অত্যন্ত সাবধানতার সঙ্গে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একই সঙ্গে অনেক মামলা করা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সেসব মামলার সূত্র ধরে গুলশান থানার পুলিশ শেফাক আহমেদের বাড়িতে গিয়ে ‘দস্তুরমতো একটি নাটকের অবতারণা করে’।পুলিশের বিশেষ শাখা (এসবি) বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শেফাক আহমেদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর সঙ্গে পপুলার লাইফ কীভাবে সম্পর্কযুক্ত, তা আবিষ্কার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন অর্থমন্ত্রী।বিভিন্ন জেলায় মামলা: শেফাক আহমেদের বিরুদ্ধে চলতি বছরের ১০ মার্চ প্রথম রাজধানীর দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। পরদিন ১১ মার্চ মামলা হয় সাতটি। এর মধ্যে পটুয়াখালী, পাবনা, নওগাঁর পত্নীতলা, ঢাকার যাত্রাবাড়ী, বগুড়ার শাজাহানপুর থানায় একটি করে এবং বরিশাল আদালতে দুটি মামলা হয়।১২ মার্চ পটুয়াখালীতে আরেকটি; ঝালকাঠি, খুলনা ও ভোলা সদর থানায় একটি করে এবং ঢাকা বিচারিক হাকিম আদালতে দুটিসহ ছয়টি মামলা হয়। এরপর ২০ মার্চ ঢাকার মতিঝিল থানায় একটি ও ৩০ মে ফরিদপুর আদালতে একটি মামলা হয়।শেফাক আহমেদ গত ৮ জুলাই অর্থমন্ত্রীকে এক চিঠিতে জানান, হাইকোর্ট বিভাগে হাজির হয়ে মামলাগুলো থেকে তাঁকে আগাম জামিন নিতে হচ্ছে। আগাম জামিনের ধারাবাহিকতায় দেশে বিভিন্ন জেলার আদালতে হাজির হয়ে তাঁকে জামিননামা দিতে হচ্ছে।‘কুচক্রী মহলের স্বরূপ উদ্ঘাটন’ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শেফাক আহমেদ অর্থমন্ত্রীকে লিখেছেন, ‘মিথ্যা ও বানোয়াট মামলা মোকাবিলা করতে আমাকে একদিকে নাজেহাল হতে হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে আইডিআরএর স্বাভাবিক কাজকর্ম।’আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, হয়রানির উদ্দেশ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শীর্ষ ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে এই সাজানো মামলাগুলো করিয়েছেন। তিনি বলেন, ‘হাজিরা দিতে গিয়ে একটি মামলার শুনানিতেও আমি কোনো বাদী বা সাক্ষীকে উপস্থিত হতে দেখিনি। ভিত্তিহীনতার কারণে আদালত এরই মধ্যে কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন।’জানতে চাইলে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলী দাবি করেন, আইডিআরএর চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো মামলাই তাঁরা করাননি। তাঁর দাবি, ‘জোর গলায় বলতে পারি, আমরা মামলা করিয়েছি, তা কেউ প্রমাণ করতে পারবে না।’