বিমান আটক
দেশীয় বেসরকারি বিমান সংস্থা রূপসী বাংলা এয়ারলাইনসের ভাড়ায় আনা একটি বিমানকে চট্টগ্রামে আটক করেছে বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ।সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই রূপসী বাংলা এয়ারলাইনস তাদের বহরের জন্য ফিলিপাইন থেকে বিমানটি নিয়ে এসেছে। এভাবে আকাশসীমা লঙ্ঘন করা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। তাই বিমানটি এখন চট্টগ্রামে আটক অবস্থায় আছে।এদিকে রূপসী বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা এর আগে বাংলাদেশের সিভিল এভিয়েশনের কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি), কারিগরি ছাড়পত্র পেয়েছেন। অবতরণ অনুমতি (ল্যান্ডিং পারমিশন) ছিল না। নিয়মানুযায়ী, এনওসি ও কারিগরি ছাড়পত্র থাকলে যে দেশ থেকে বিমান আনা হচ্ছে, সে দেশের নিবন্ধনের ভিত্তিতে ভাড়ার বিমান (ফেরি) এনে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ আছে। আফজাল হোসেন অভিযোগ করেন, সিভিল এভিয়েশনের আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে তাঁরা তিন বছর ধরে ভুগছেন। সর্বশেষ তাঁরা দুটি বিমান আনতে এনওসি ও কারিগরি ছাড়পত্র পেয়েছেন। তাতে বিমান আনতে ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। আজ সোমবার সময়সীমা শেষ হবে। তাই তাঁদের একটি বিমান থাইল্যান্ডের ফুকেট থেকে আনা হয়। সেটি গতকাল সকাল ১০টা ৫৬ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ঢাকায় নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই বিদেশি পাইলটসহ বিমানটিকে কর্তৃপক্ষ আটক করে। তিনি বলেন, এর আগে অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য তিনি গত বৃহস্পতিবার ঢাকায় সিভিল এভিয়েশনের পরিচালকের (উড্ডয়ন নিরাপত্তা) কাছে যান। কিন্তু পরিচালকের সাক্ষাৎ পাননি। গতকালও তিনি সাক্ষাৎ চেয়ে পাননি। সিভিল এভিয়েশনের উড্ডয়ন নিরাপত্তা শাখার দায়িত্বশীল এক কর্মকর্তা গত রাতে প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী, ফ্লাইট পরিকল্পনা অনুমোদন ছাড়া কোনো বিমান সংস্থাই উড়োজাহাজ আনতে পারে না। রূপসী বাংলা কর্তৃপক্ষ এই পরিকল্পনা জমা দেয় বৃহস্পতিবার। বিষয়টি পরীক্ষাধীন আছে। এর মধ্যে হঠাৎ করে কীভাবে বিমানটি আনা হলো, তারা জানেন না। তাই সেটি আটক করা হয়েছে।