বিমান উড্ডয়ন-অবতরণে এবার ৩৩৪টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে এবার রাজধানীর ৩৩৪টি ভবন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৬১টি ভবন তেজগাঁওয়ের (পুরাতন) বিমানবন্দরের জন্য এবং ৭৩টি ভবন কুর্মিটোলার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ঝুঁকিপূর্ণ বলে তালিকাভুক্ত করা হয়েছে।ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে গঠিত কমিটি এ তালিকা করেছে। কমিটি তাদের সুপারিশসহ এ তালিকা আগামী রোববার গণপূর্ত মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বৈঠকে জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এর আগেও বিভিন্ন সরকারের সময় বিমান উড্ডয়ন-অবতরণের জন্য ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হয়েছিল কয়েক দফায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এ হান্নানকে সভাপতি করে আবার কমিটি গঠিত হয়।কমিটির সভাপতি এম এ হান্নান প্রথম আলোকে বলেন, কমিটি ঝুঁকিপূর্ণ ভবনের শ্রেণীবিন্যাস করার সময় দুই বিমানবন্দরের এয়ার ফানেল থেকে দূরত্ব বিবেচনা করে কিছু ভবনকে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। এমন ভবনগুলো অপসারণের জন্য কমিটি সুপারিশ করবে।তবে ভবনমালিকদের পক্ষ থেকে তেজগাঁও বিমানবন্দরের জন্য ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কারণ এ বিমানবন্দরে কোনো বাণিজ্যিক বিমান ওঠানামা করে না।গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান প্রথম আলোকে বলেন, পুরো অবস্থা বিবেচনা করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বেসরকারি ভবনমালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী করণীয় ঠিক করা হবে।বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে কমিটি যেসব ভবন চিহ্নিত করেছে, তার অধিকাংশই গুলশান, বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ ও মহাখালীতে অবস্থিত। এ ছাড়া মিরপুর, শেওড়াপাড়া, উত্তর কাফরুল, আগারগাঁও, কল্যাণপুর, দারুস সালাম, কলাবাগান, মণিপুরীপাড়া, তেজগাঁও, শ্যামলী, সোনারগাঁও রোড, কারওয়ান বাজার, পান্থপথ, মগবাজার, ইস্কাটন গার্ডেন, এলিফ্যান্ট রোড, হাতিরপুলসহ আশপাশের এলাকার অনেকগুলো ভবনও এ তালিকায় রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিমান উড্ডয়ন ও অবতরণে কম, মধ্যম ও বেশি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে সম্প্রতি এ-সংক্রান্ত কমিটির এক সভা হয়। সভার কার্যবিবরণীতে দেখা যায়, ওই সভায় বেসরকারি ভবন মালিকদের প্রতিনিধি নূর আলী ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি এয়ার ফানেলের সীমানা নির্ধারণের পরামর্শ দেন। নূর আলী বলেন, তেজগাঁও বিমানবন্দরের জন্য ২৬১ ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। অথচ তেজগাঁও বিমানবন্দরে কোনো বাণিজ্যিক বিমান ওঠানামা করে না। এটিকে জরুরি বিমানবন্দর হিসেবে বিবেচনা করারও কোনো সুযোগ নেই। এ অবস্থায় তেজগাঁও বিমানবন্দরের জন্য ২৬১ ভবনকে ঝুঁকিপূর্ণ বলা যৌক্তিক নয়।নূর আলী প্রথম আলোকে বলেন, কিছুদিন আগেও যেসব ভবনের উচ্চতা ২০ তলা পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোকে এখন ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তাঁর দাবি, ‘আমার ভবনগুলোর উচ্চতায়ও কোনো সমস্যা নেই। সব ধরনের সুপারিশ নেওয়া আছে। আসলে এটিকে রাজনীতিকীকরণ করা হচ্ছে।’বেসরকারি ভবন মালিকদের আরেক প্রতিনিধি ও নিটল সেন্টারের মালিক মাতলুব আহমাদ প্রথম আলোকে বলেন, এসব ভবনের কারণে বিমানবন্দর ঝুঁকিপূর্ণ হলে তো এত দিন কোনো উড়োজাহাজই উড়ত না। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষেরও (আইকা) কোনো ধরনের অভিযোগ নেই। তা না হলে এটি আন্তর্জাতিক মানে উন্নীত হতো না।বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, পুরোটিই কারিগরি বিষয়। সে জন্য আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে হবে।