বিমান উড়ছে না, দুই দিনের সব ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে অচলাবস্থা কাটেনি। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক গন্তব্যে বিমানের কোনো ফ্লাইট যায়নি। অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যের দুটি ছাড়া সব ফ্লাইটই বাতিল করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কঠোর অবস্থান ও কাজে যোগ দিতে পাইলটদের ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই সময়সীমা শেষ হবে কাল শনিবার বেলা ১১টায়।সর্বশেষ গতকাল রাত পৌনে ১১টায় বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্র ও কাল শনিবার বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে হজ ফ্লাইট চালু থাকবে।এদিকে পাইলটদের প্রতি সংহতি জানিয়ে দুই কর্মকর্তা চিফ অব টেকনিক্যাল ক্যাপ্টেন শাহ আলম ও ডেপুটি চিফ অব শিডিউলিং ক্যাপ্টেন রেজোয়ান গত বুধবার পদত্যাগ করেছেন। এতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিভিন্ন দায়িত্বে থাকা পাইলটদের দিয়ে কিছু ফ্লাইট পরিচালনা করে বিমানকে সচল দেখানোর চেষ্টাও বাধাগ্রস্ত হলো।এ পরিস্থিতিতে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটিকে সচল করতে গতকাল পর্যন্ত কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বরং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম পাইলটদের সঙ্গে কোনো আলোচনার কথা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিমান ব্যবস্থাপনার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। বিমান চলবে তার নির্ধারিত নিয়মে। আর এ কাজে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে।এমডির এ হুঁশিয়ারির পরপরই বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে তাদের অনড় অবস্থানের কথা জানায়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাপার কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ায় পাইলটরা কার্যালয়ের ফটকের বাইরে রাস্তার ওপর সংবাদ সম্মেলন করেন। বাপার সাধারণ সম্পাদক বলেন, ন্যায্য দাবিতে সংবাদ সম্মেলন করায় কিছু পাইলটের বিরুদ্ধে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এসব শাস্তির আদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করলে তাঁরা সংকট নিরসনে আলোচনায় বসতে রাজি আছেন। তিনি বলেন, ‘ম্যানেজমেন্টের আচরণ আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করছে। তারা আমাদের শোকজ নোটিশ করে ৩৬ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে। কিন্তু ওই সময় পার হওয়ার আগেই আবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। যা সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।’এ সময় বাপার সাবেক সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল বলেন, ‘আমরা বিমানকে লুটপাটের হাত থেকে রক্ষা করার জন্য বিগত জোট সরকার আমলে আন্দোলন করেছি। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। আজ আমাদের পাইলটদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাস্তায় দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করতে হচ্ছে।’প্রসঙ্গত, পাইলটদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছর করাকে কেন্দ্র করে সংকটের শুরু। অবসরের বয়স বৃদ্ধি বাতিলসহ পাঁচ দফা দাবিতে ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে বাপা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বিমান কর্তৃপক্ষকে। পরদিন বিকেল পাঁচটা থেকে পাইলটদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হয়।চুক্তি অনুযায়ী বিমানের প্রত্যেক পাইলটকে মাসে ৭০ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তাঁরা চুক্তির বাইরে বাড়তি দায়িত্ব পালন না করার ঘোষণা দেন। ২২ অক্টোবর এ কর্মসূচি শুরুর পরপরই বিমানের ফ্লাইটসূচিতে বিপর্যয় শুরু হয়।এরপর ২৪ অক্টোবর বিমান কর্তৃপক্ষ বাপার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ওই দিন সন্ধ্যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ নোটিশ হাতে পান। এতে পাইলটদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং ওই দিন রাত নয়টা থেকে তাঁরা অঘোষিত ধর্মঘটে যান। তাঁরা একের পর এক অসুস্থতার নোটিশ দিয়ে বিমান চালনা থেকে বিরত থাকেন, যা এখনো অব্যাহত আছে। তবে হজ ফ্লাইটের ক্ষেত্রে এখনো কোনো সমস্যা হয়নি।এ অবস্থায় বুধবার সন্ধ্যায় বিমান পরিচালনা পর্ষদ জরুরি বৈঠক ডেকে পাইলটদের কাজে যোগ দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। বলা হয়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ সিদ্ধান্তের পর পরিস্থিতির আরও অবনতি হয়। প্রথম দিকে বিদেশি পাইলট দিয়ে ভাড়া করা উড়োজাহাজে এবং ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত পাইলটদের দিয়ে কিছু কিছু ফ্লাইট পরিচালনা করা হলেও কাল থেকে অচলাবস্থা মারাত্মক আকার ধারণ করে।বিমান উড়ছে না: বিমানের ফ্লাইটসূচির বিপর্যয়কর অবস্থা কালও অব্যাহত ছিল। সিলেট ফ্লাইট ছাড়া অভ্যন্তরীণ গন্তব্যের বাকি সব ফ্লাইটই বাতিল করা হয়। সিলেট ফ্লাইটও কয়েক দফা পিছিয়ে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা ছাড়ে।আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে গতকালের দুবাই (বিজি ০৪১), আবুধাবি (বিজি ০২৭), কাঠমান্ডু (বিজি ৭০৩), কলকাতা (০৯৩) ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার বাতিল হওয়া কুয়েত ফ্লাইটকে বাহরাইন ফ্লাইটের সঙ্গে যুক্ত করে গতকাল রাত সাড়ে আটটায় যাত্রার সময় নির্ধারণ করা হয়েছিল। শেষ মুহূর্তে সেটিও বাতিল করা হয়। এ ছাড়া বুধবার ও গতকাল সিঙ্গাপুর ফ্লাইট যেতে পারেনি। এ দুটি ফ্লাইটের যাত্রীদের আজ শুক্রবার সকাল নয়টার ফ্লাইটে পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে। তবে অনেক বিলম্ব হলেও ব্যাংকক ফ্লাইটটি বেলা তিনটায় বিদেশি পাইলট দিয়ে পাঠানো হয়। দফায় দফায় ফ্লাইট বাতিলের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।এমডির সংবাদ সম্মেলন: উদ্ভূত পরিস্থিতিতে গতকাল দুপুর ১২টায় প্রধান কার্যালয় বলাকায় বিমানের এমডি এয়ার কমোডর (অব.) জাকিউল ইসলাম সংবাদ সম্মেলন ডেকে বলেন, বিমানকে সচল রাখতে যা যা করা দরকার, তার সবই করা হবে। পাইলটদের উদ্দেশে তিনি বলেন, ‘সমস্যা সৃষ্টি করেছেন পাইলটরাই। একটি বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে তাঁরা পরিস্থিতি ঘোলাটে করেছেন। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তাই কাজে যোগ দেওয়ার জন্য তাঁদের বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। আশা করব, তাঁরা সব অযৌক্তিক কার্যক্রম বন্ধ রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দেবেন।’এমডি বলেন, জাতীয় প্রতিষ্ঠান বিমানের দায়বদ্ধতা বা জবাবদিহি দেশের ১৫ কোটি মানুষের কাছে, কোনো মহল বা গোষ্ঠীর কাছে নয়। এক প্রশ্নের জবাবে এমডি বলেন, তাঁর সঙ্গে পাইলটরা বা বাপা দাবি নিয়ে কোনো আলোচনা করেনি। তারা সরাসরি আদালতে গেছে। এখন বিষয়টি আদালতের বিচারাধীন, তাই এ নিয়ে আলোচনার কিছু নেই।পাইলটদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বয়সসীমা বৃদ্ধি নিয়ে এ আন্দোলনের সৃষ্টি কি না—এমন প্রশ্নের জবাবে এমডি জাকিউল ইসলাম ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।সংবাদ সম্মেলনে পরিচালক (ফ্লাইট পরিচালনা) ক্যাপ্টেন শেখ নাসের, উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।পাইলটদের সংবাদ সম্মেলন: গতকাল বেলা আড়াইটায় এক সংবাদ সম্মেলনে আবারও শাস্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন পাইলটরা। বাপার ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহতাব বলেন, ২০ অক্টোবরের পর পাইলটদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যত শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তা নিঃশর্ত প্রত্যাহার করতে হবে। এর পরই তাঁরা সংকট নিরসনে আলোচনায় বসতে রাজি আছেন। নইলে বাপা কঠোর কর্মসূচি দেবে। প্রশ্নের জবাবে বাপার কর্মকর্তারা জানান, তাঁরা কর্মসূচিতে যাওয়ার আগে দাবি নিয়ে বিমানের এমডির সঙ্গে বারবার আলোচনার চেষ্টা করেছেন। তাঁরা লিখিতভাবেও আলোচনার অনুরোধ করে কোনো সাড়া পাননি। বক্তব্যের সপক্ষে এমডিকে লেখা বাপার চিঠি সাংবাদিকদের দেখানো হয়।ক্যাপ্টেন মাহতাব বলেন, ৯৬ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কয়েকজন পাইলটকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় পার হওয়ার আগেই তাঁদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। একটি গণতান্ত্রিক সরকারের সময় এটা কারও কাম্য হতে পারে না। তিনি অভিযোগ করেন, হজ ফ্লাইট আন্দোলন কর্মসূচির বাইরে রাখা হয়েছে। অথচ কর্তৃপক্ষ হজ ফ্লাইটকে তাঁদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।যে কারণে পরিচালক (প্রশাসন) চাকরিচ্যুত: ঘটনার এক মাস পর জানা গেল, কর্মচারীদের আন্দোলনে সম্পৃক্ত থাকায় গত ১৯ সেপ্টেম্বর বিমানের পরিচালক (প্রশাসন) আমিনুল হক চাকরিচ্যুত ও মহাব্যবস্থাপক (কার্গো) খাজা জোনায়েদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।এত দিন মুখ না খুললেও গতকাল সংবাদ সম্মেলনে এ কথা স্বীকার করলেন বিমানের এমডি জাকিউল ইসলাম।গতকাল এক সাংবাদিকের ‘সংবাদ সম্মেলনের দায়ে কেন পাইলটদের শোকজ ও সাসপেন্ড করা হলো। অথচ গত ৩১ আগস্ট পেনশন পুনর্বহালের দাবির আন্দোলনে কর্মচারীরা বিমানের কোম্পানি সচিবকে পিটিয়ে আহত করেছিলেন, শীর্ষ কর্মকর্তাদের দিনভর অবরুদ্ধ করে দাবি আদায় করেছিলেন। কিন্তু তখন কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন?’ প্রশ্নের জবাবে বিমানের এমডি বলেন, তখন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।পরিচালক (প্রশাসন) ও মহাব্যবস্থাপকই (কার্গো) কি সেই দুজন?—জবাবে এমডি জাকিউল ইসলাম ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।