বিমান কার্যালয় দিনভর অবরোধ, সচিব লাঞ্ছিত, এমডি অবরুদ্ধ
সরকারঘোষিত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতনকাঠামো ঘোষণা এবং পেনশন পুনর্বহালের দাবিতে বাংলাদেশ বিমানের শ্রমিক-কর্মচারীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও বিমানের প্রধান কার্যালয় দিনভর অবরোধ করে রাখেন।বিক্ষোভের শুরুতেই কর্মীরা বিমানের কোম্পানি সচিব এম এ রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কার্যালয় থেকে বের করে দেন। এরপর তাঁরা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এয়ার কমোডর (অব.) জাকিউল ইসলামকে অবরুদ্ধ করেন। দাবি মানার আশ্বাস দিয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সঙ্গে সমঝোতা স্মারক সই করার পর বিকেল সোয়া পাঁচটায় এমডি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। সমঝোতা স্মারকে বিমানের শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের ছয়টি সংগঠনের নেতারাও সই করেন।দিনভর কর্মীরা বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন, এমডি ও কোম্পানি সচিবের পদত্যাগের দাবিতে মিছিল করেন। বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের সভাপতি এবাদুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেলে তাঁদের সঙ্গে বৈঠকে এমডি একটি এমওইউ (সমঝোতা স্মারক) সই করেন। তাতে তিনি আশ্বাস দিয়েছেন, কাল বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের জরুরি সভায় কর্মীদের দাবির বিষয়ে সুরাহা করা হবে।এবাদুর রহমান বলেন, বৃহস্পতিবারের সভায় দাবির বিষয়ে সুরাহা না হলে, ওই দিন থেকেই লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সেটা ধর্মঘটের দিকেও যেতে পারে।বিমান সূত্র জানায়, পেনশন সুবিধা তুলে দিয়ে বিমানের জন্য নতুন একটি বেতনকাঠামো চূড়ান্ত করা হয়েছে। বিষয়টি গতকাল জানাজানি হলে সর্বস্তরের কর্মচারী বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে বিমানের সব দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে কুর্মিটোলায় বিমানের কেন্দ্রীয় কার্যালয় বলাকা ভবন অবরোধ করে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী বিক্ষোভ মিছিল শুরু করেন। শুরুতেই তাঁদের ক্ষোভের মুখে পড়েন বিমানের কোম্পানি সচিব। এরপর তাঁরা এমডিকে তাঁর কক্ষে অবরুদ্ধ করেন এবং তাঁর ব্যক্তিগত সহকারীর কক্ষে ব্যাপক ভাঙচুর করেন। ভাঙচুরের একপর্যায়ে এমডি নিজ কক্ষ ছেড়ে পাশের সম্মেলনকক্ষে গিয়ে অবস্থান নেন এবং কক্ষটি ভেতর থেকে বন্ধ করে রাখেন।বিমানের কর্মীরা জানান, সরকারি বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা করার দাবিতে আগে থেকেই শ্রমিক-কর্মচারীরা আন্দোলন করছিলেন। এ ব্যাপারে শ্রমিকদের কাছে দুই মাসের সময় চেয়েছিল বিমান কর্তৃপক্ষ। গতকাল ছিল এর শেষ দিন। তাঁরা বলেন, এর আগে সরকার যতবার পে-স্কেল ঘোষণা করেছে, তার সঙ্গে সঙ্গতি রেখে বিমানের কর্মচারীদেরও বেতন বেড়েছে। কিন্তু এবার এর ব্যতিক্রম ঘটানো হয়েছে।বিমানের এমডি সাংবাদিকদের বলেন, ‘কর্মীদের দাবিগুলো আমার একার পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে আমি তাঁদের দাবিগুলো শুনেছি।’ তিনি জানান, শ্রমিক-কর্মচারীদের এসব দাবি নিয়ে আলোচনার জন্য বিমান পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে।বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান বলেন, ‘পরিচালনা পর্ষদ আমাদের জন্য যে পে-স্কেল করেছে তাতে অবসরের পর পেনশন-সুবিধা থাকবে না, শুধু গ্র্যাচুইটি নিয়ে বিদায় নিতে হবে। প্রস্তাবিত এ বেতন কাঠামোতে মূল বেতন ২৫-৩০ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু সরকারের পে-স্কেলে মূল বেতন বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি।’ তিনি বলেন, ‘সরকার নিয়ন্ত্রণাধীন অন্যান্য পাবলিক লিমিটেড কোম্পানি যদি সরকার নির্ধারিত বেতনে চলতে পারে, তাহলে বিমানের জন্য আলাদা নিয়ম চালু করা হবে কেন?’নির্বাচিত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি শাহ আলম বলেন, সরকার নির্ধারিত পে-স্কেল বিমানের কর্মীদের জন্য দ্রুত বাস্তবায়ন করতে হবে। নাহলে তাঁরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।বিমানের ফ্লাইট বিলম্বিত: এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বিমানের পূর্বনির্ধারিত বেলা পৌনে তিনটার কাঠমান্ডু ফ্লাইট প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে। এ ছাড়া বেলা পৌনে চারটার ব্যাংকক ফ্লাইট আড়াই ঘণ্টা বিলম্বে সন্ধ্যা সোয়া ছয়টায় উড্ডয়ন করে। তবে বিমানের নিয়ন্ত্রণকক্ষ থেকে দাবি করা হয়, এ বিলম্ব আন্দোলনের কারণে হয়নি।