বিমান কার্যালয়ে ভাঙচুর, এমডি অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতনকাঠামো ঘোষণা এবং পেনশন পুনর্বহালের দাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানের শ্রমিক-কর্মচারীরা বিমানের প্রধান কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। আজ বেলা ১১টা থেকে দিনভর বিক্ষুব্ধ কর্মচারীরা বিমানের প্রধান কার্যালয় অবরোধ করে রাখেন।কর্মচারীরা বিক্ষোভের শুরুতেই বিমানের কোম্পানি-সচিব এম এ রশিদকে মারধর করে কার্যালয় থেকে বের করে দেন। এরপর তাঁরা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এয়ার কমডোর (অব.) জাকিউল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন।পরে দাবি মানার আশ্বাস দিয়ে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার পর বিকেল সোয়া পাঁচটায় এমডি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। সমঝোতা স্মারকে বিমানের শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের ছয়টি সংগঠনের নেতারাও সই করেন।এর আগে কর্মচারীরা দিনভর বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন, এমডি এয়ার কমডোর (অব.) জাকিউল ইসলামের পদত্যাগ দাবি করে মিছিল করেন।বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের সভাপতি এবাদুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেলে তাঁদের সঙ্গে বৈঠকে এমডি একটি এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষর করেন। তাতে তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের জরুরি সভায় কর্মীদের দাবির বিষয়টি সুরাহা করা হবে।শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, বৃহস্পতিবারের সভায় দাবির বিষয়ে সুরাহা করা না হলে, ওই দিন থেকেই লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।বিমান সূত্র জানায়, বিমানের জন্য নতুন একটি বেতনকাঠামো চূড়ান্ত করা হয়েছে। তাতে কর্মচারীদের পেনশন তুলে দেওয়া হয়। এ খবর আজ জানাজানি হলে সর্বস্তরের কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভের কারণে বিমানের সব দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় কুর্মিটোলার বলাকা ভবন অবরোধ করে প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী বিক্ষোভ মিছিল শুরু করেন।বিমানের কর্মীরা জানান, সরকারি বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রণয়ন করার দাবিতে আগে থেকেই আন্দোলন করে আসছিল শ্রমিক-কর্মচারীরা। এ ব্যাপারে শ্রমিকদের কাছে দুই মাসের সময় চেয়েছিল বিমান কর্তৃপক্ষ। আজ ছিল তার শেষ দিন।বিমানের কর্মীরা বলেন, এর আগে সরকার যতবার পে-স্কেল ঘোষণা করেছে, তার সঙ্গে সংগতি রেখে বিমানের কর্মচারীদের বেতন বেড়েছে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটানো হয়েছে।নির্বাচিত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি শাহ আলম বলেন, সরকার-নির্ধারিত পে-স্কেল বিমানে দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না-হলে তাঁরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবেন।