বিমান কার্যালয়ে যাত্রীরা চড়াও
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দায় নির্ধারিত ফ্লাইটে যেতে না পারায় ক্ষুব্ধ যাত্রীরা বিমান বাংলাদেশের চট্টগ্রাম কার্যালয়ে ভাঙচুর করেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ষোলশহর এলাকায় অবস্থিত বিমান বাংলাদেশ কার্যালয়ের ফটকের কাচ ভাঙচুর করেন যাত্রীরা।ভুক্তভোগীরা জানান, গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে বাংলাদেশ বিমানের বোয়িং-৭৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৪ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানের সূচি পরিবর্তন হওয়ায় ওই যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারেননি। এ কারণে ক্ষুব্ধ যাত্রীদের কয়েকজন আজ ষোলশহরে বাংলাদেশ বিমানের স্থানীয় কার্যালয়ে এসে চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ যাত্রীরা প্রায় আধা ঘণ্টা হইচই করেন এবং সূচি পরিবর্তনে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা চট্টগ্রাম থেকে দ্রুত জেদ্দা যেতে চান। এ জন্য তাঁরা নতুন ফ্লাইটের ব্যবস্থা করতে দাবি জানান। হইচইয়ের মধ্যে স্থানীয় কর্মকর্তারা ঢাকায় যোগাযোগ করে নতুন সূচি ঠিক করেন। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার চট্টগ্রাম থেকে এই ৮৪ জন যাত্রী জেদ্দায় যাবেন বলে সিদ্ধান্ত হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বলেন, জেদ্দাগামী কিছু যাত্রী বিমানের ষোলশহর কার্যালয়ে গিয়ে হইচই করেন। তাঁরা ২৫-৩০ জনের বেশি হবেন না। যাত্রীরা নির্দিষ্ট সময়ে বিমান না ছাড়ার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁরা বিমান কার্যালয়ের ফটকের কাচ ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা চলে যান। ভুক্তভোগী একাধিক যাত্রীর অভিযোগ, শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছার পর তাঁরা সূচি পরিবর্তনের খবর পান। বিমানের কর্মকর্তারা ঢাকা হয়ে জেদ্দা যাওয়ার জন্য পরামর্শ দেন। এ কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিমান বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক দীলিপ কুমার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘সূচি-বিপত্তির কারণে আমরা নগরের দুটি আবাসিক হোটেলে যাত্রীদের থাকার ব্যবস্থা করেছি। শনিবার ভোরে যাত্রীরা ওই দুই হোটেলে ওঠেন। কয়েক ঘণ্টা পর বেলা ১১টার দিকে কয়েকজন যাত্রী ষোলশহরের কার্যালয়ে এসে ভাঙচুর চালান।’ দীলিপ কুমার চৌধুরী আরও বলেন, ‘জরুরি ভিত্তিতে যাঁরা জেদ্দা যেতে আগ্রহী, তাঁদের ঢাকা হয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছিলাম। কিন্তু কেউ তাতে রাজি হননি। তাই আগামী মঙ্গলবার চট্টগ্রাম থেকে জেদ্দাগামী পরবর্তী ফ্লাইটে যাত্রীরা গন্তব্যে যেতে পারবেন। এতে যাত্রীরা রাজি হওয়ায় বিষয়টি ফয়সালা হয়ে গেছে।’