বিমান কেনায় মার্কিন কূটনীতিকেরা প্রভাব খাটিয়েছেন
বোয়িংয়ের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কেনার চুক্তির ক্ষেত্রে প্রভাব খাটিয়েছিলেন মার্কিন কূটনীতিকেরা। ভিন্ন ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের ফাঁস করা গোপন তথ্যের বরাত দিয়ে গত রোববার এ খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস।প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি জানান, নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শর্ত দেন যে নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে বাংলাদেশের বিমানের অবতরণের অনুমতি দিতে হবে। ২০০৯ সালের নভেম্বরের একটি মার্কিন কূটনৈতিক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করা হয়েছে এভাবে, ‘নিউইয়র্ক রুট না থাকলে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার দরকার কী?’এদিকে ইউকিলিকসের বরাতে নিউইয়র্ক টাইমস-এর এ খবরে বোয়িং কেনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া শর্তসংক্রান্ত তথ্যকে ঢাকায় বাংলাদেশ বিমানের নথিপত্রের তথ্য সমর্থন করে না। কারণ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন ২০০৯ সালের ৬ জানুয়ারি। আর উড়োজাহাজ কেনার ব্যাপারে বোয়িং কোম্পানির সঙ্গে বাংলাদেশ বিমানের চুক্তি হয় ২০০৮ সালের ২২ এপ্রিল। তখন ছিল তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনা ছিলেন কারাবন্দী।বিমানের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ২২ এপ্রিল ঢাকার কুর্মিটোলা বিমান প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে নতুন প্রজন্মের আটটি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে এ চুক্তি হয়। চুক্তিতে বিমানের পক্ষে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন এবং বোয়িংয়ের পক্ষে আঞ্চলিক পরিচালক (উড়োজাহাজ চুক্তি) গ্ল্যান এ গ্রিন চুক্তিতে সই করেন। এর আগে ১৫ মার্চ এ-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়।চুক্তি অনুযায়ী, চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ২০১৩ সালে এবং অপর চারটি বোয়িং (৭৮৭-৮ সিরিজের) ২০১৯ ও ২০২০ সালে বিমান বহরে যুক্ত হওয়ার কথা।জানা গেছে, আট হাজার ৮৫৫ কোটি টাকায় এত বড় কেনাকাটা বাংলাদেশ বিমানের ইতিহাসে আগে আর হয়নি। এ চুক্তি নিয়ে ২০০৮ সালের ২৩ এপ্রিল বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে খবর প্রচার হয়।এ ছাড়া কেনেডি বিমানবন্দরে বাংলাদেশ বিমানের অবতরণের অনুমতিসংক্রান্ত বিষয়টি নিয়েও বিভ্রান্তি আছে বলে ঢাকার সূত্রগুলো জানিয়েছে। বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট লোকসানের কারণে ২০০৬ সালে বন্ধ করা হয়। এরপর কয়েক দফা এ গন্তব্যে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও প্রয়োজনীয় উড়োজাহাজ সংগ্রহে ব্যর্থ হয়ে তা চালু করতে পারেনি বাংলাদেশ বিমান।কেনেডি বিমানবন্দরে অবতরণের অনুমতি আছে কি না, এ প্রশ্নের জবাবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এটা বিমানের অনুমতির বিষয় নয়। এটা বাংলাদেশ সিভিল এভিয়েশনের বিষয়। আমাদের সিভিল এভিয়েশন মানের দিক থেকে ক্যাটাগরি ওয়ান থেকে ক্যাটাগরি টুতে নেমে যাওয়ায় এই সিভিল এভিয়েশনের লাইসেন্সধারী কোনো বিমান যুক্তরাষ্ট্রের আকাশে ঢুকতে পারবে না।’ তিনি বলেন, তবে বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট পুনরায় চালু করতে সমস্যা হবে না, যদি বিমান ক্যাটাগরি ওয়ান দেশের বিমান ভাড়া করে।অবশ্য উইকিলিকসের ফাঁস করা গোপন মার্কিন তারবার্তার ভিত্তিতে ‘ডিপ্লোম্যাটস হেলপ পুশ সেলস অব জেটলাইনারস অন দ্য গ্লোবাল মার্কেট’ শিরোনামের ওই খবরে নিউইয়র্ক টাইমস শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাজারে বোয়িং কোম্পানির উড়োজাহাজ বিক্রিতে মার্কিন কূটনীতিকেরা কীভাবে প্রভাব খাটিয়ে থাকেন, সেই চিত্র তুলে ধরেছে।প্রতিবেদনে বলা হয়, মার্কিন কূটনীতিকেরা বহির্বিশ্বে উড়োজাহাজ বিক্রি করার ক্ষেত্রে রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রভাবকে কাজে লাগান। বিশ্ববাজারে মার্কিন উড়োজাহাজ বিক্রির ক্ষেত্রে ঘুষ বা অন্তত পক্ষে ‘এজেন্ট’ নামের মধ্যস্বত্ব্বভোগীদের সঙ্গে সন্দেহজনক লেনদেন চলে। তবে এ ব্যাপারে বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ধরনের দুর্নীতিমূলক আচরণ এড়িয়ে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।