বিমান চেয়ারম্যানকে মন্ত্রণালয়ের কারণ দর্শানো নোটিশ
মন্ত্রণালয় এবং মন্ত্রীর বিরুদ্ধে অসত্য ও অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগ করে বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিনের নামে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়।বিমান সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, ১৮ আগস্ট জামালউদ্দিন সংবাদ সম্মেলন করে বিমানমন্ত্রী জি এম কাদের ও মন্ত্রণালয়ের সচিব সম্পর্কে অসত্য এবং অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এতে বিমানের চেয়ারম্যানকে ওই বক্তব্য দেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, বিমানের চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গেরও শামিল। এতে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে।বিমানের চেয়ারম্যান ওই সংবাদ সম্মেলনে বলেছিলেন, মন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গত বছরের হজ ফ্লাইটের জন্য নাইজেরিয়ার কাবো এয়ারলাইনসের উড়োজাহাজটি ভাড়া করা হয়েছিল। এ ছাড়া মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবের মধ্যে বিরোধ রয়েছে বলেও তিনি মন্তব্য করেছিলেন।