বিমান থেকে আইপ্যাড চুরি করে ধরা!
পোর্টল্যান্ডের অরেগনের উদ্দেশ্যে হরাইজন এয়ারলাইনের একটি বিমানে ভ্রমণের সময় সাধের আইপ্যাড খোয়া যায় যুক্তরাষ্ট্রের নেভাদাবাসী এক যাত্রীর। তিনি আইপ্যাডের খোঁজ পেতে ‘ফাইন্ড মাই আইপ্যাড’ নামের একটি বিশেষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে জানতে পারেন তাঁর হারানো আইপ্যাডটি রয়েছে ওই বিমানের এক ফ্লাইট অ্যাটেনডেন্টের বাড়িতে।অরিগনের পুলিশের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত শুক্রবার বিমানে খোয়া যাওয়া আইপ্যাডটি পাওয়া গেছে ওয়েন্ডি রোনেল ডাই নামের ৪৩ বছর বয়সী হরাইজন এয়ারলাইনের ফ্লাইট অ্যাটেনডেন্টের বাড়িতে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফ্লাইট অ্যাটেনডেন ওয়েন্ডি তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিমানের অন্য যাত্রীরা তাঁকে সিটের ওপর ওই আইপ্যাড পড়ে থাকার কথা বলে। তিনি এটা তাঁর নিয়োগদাতা এয়ারলাইন কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন। এটা ব্যবহার করার কোনো পরিকল্পনা ছিল না তাঁর।অরেগন সিটি পুলিশের মুখপাত্র বিল ক্লের জানিয়েছেন, খোয়া যাওয়া ওই আইপ্যাড পরীক্ষা করে দেখা গেছে, ব্যক্তিগত কাজে ওয়েন্ডি তা ব্যবহার করেছেন। এমনকি আইপ্যাডে নিজের ব্যক্তিগত তথ্য, স্বামীর জন্মতারিখ পর্যন্ত লিখে রেখেছেন।