বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্টসহ নিহত ৯৭
বিমান বিধ্বস্ত হয়ে সস্ত্রীক নিহত হয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি। গতকাল শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে কাচজিনস্কিকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির ৯৭ জন আরোহীর সবাই মারা গেছেন। রাশিয়ার পশ্চিমাঞ্চলে কাতান জঙ্গলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ বাহিনীর হাতে নিহত পোলিশ সেনাদের এক স্মরণসভায় যোগ দিতে যাচ্ছিলেন কাচজিনস্কি।প্রেসিডেন্ট কাচজিনস্কি ছাড়াও নিহত ব্যক্তিদের মধ্যে আছেন পোল্যান্ডের সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিসিজক গাগর, উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেজ ক্রিমার, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্লায়োমির স্কারজিপেক ও বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যসহ ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এ ঘটনায় সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে পোলিশ সরকার। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিমানটিতে ৯৭ জন আরোহী ছিলেন এবং ৮৮ জনই পোল্যান্ড সরকারের প্রতিনিধি।রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক শহরের বাইরে সেভার্নি বিমানবন্দরে অবতরণের আগে গাছপালার ওপর আছড়ে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী টুপোলেভ টু-১৫৪ জেট বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এবং এটি কয়েক টুকরা হয়ে যায়। রানওয়ে থেকে কয়েক শ মিটার দূরে এটি বিধ্বস্ত হয় বলে জানায় বার্তা সংস্থা ইতার তাস। রাশিয়ার নির্মিত এ বিমানটি প্রায় ২০ বছরের পুরোনো।পোল্যান্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট কাচজিনস্কি বিধ্বস্ত বিমানের আরোহী ছিলেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে প্রেসিডেন্ট কাচজিনস্কি এবং তাঁর স্ত্রী মারিয়া বিমানে উঠছেন, এমন ভিডিওচিত্র রাশিয়ার টেলিভিশনেও দেখানো হয়েছে। ৬০ বছর বয়সী কাচজিনস্কি ২০০৫ সাল থেকে পোল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন।স্মোলেনস্ক অঞ্চলের গভর্নর সের্গেই আন্তুফাইভ জানিয়েছেন, আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইলটের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।বিমান উড্ডয়ন-অবতরণের দায়িত্বে থাকা এক রুশ কর্মকর্তা বলেন, ‘পাইলটকে বলা হয়েছিল, ঘন কুয়াশার মধ্যে অবতরণ না করতে। পরিবর্তে মস্কো বা মিনস্ক বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এর পরও পাইলট অবতরণের চেষ্টা করেন।’ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছেন। এ ছাড়া জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই শোইগুকে ঘটনাস্থলে পাঠান প্রেসিডেন্ট।পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেস ওয়ালেসা এ দুর্ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কাতান জঙ্গলেই ৭০ বছর আগে পোলিশ অভিজাতদের হত্যা করেছিল রুশ বাহিনী। এবার সেই নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবারও প্রাণ দিতে হলো পোলিশ অভিজাতদের।’বিশ্ব নেতাদের শোক: দুর্ঘটনার পরপরই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা শোক প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বিমান দুর্ঘটনায় নিহত রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রী: গত ৬০ বছরে বিমান দুর্ঘটনায় যেসব রাষ্ট্র ও সরকারপ্রধান নিহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রথম প্রধানমন্ত্রী বার্থেলেমি বোগান্দা, পর্তুগালের প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো সা কার্নেইরো, মোজাম্বিকের প্রথম প্রধানমন্ত্রী সামোরা ম্যাসেল, রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা এবং বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিন।