বিমান-সেবায় প্রকৌশলীর অনেক চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২ আগস্ট এসেছিলেন রিজেন্ট এয়ারওয়েজের পরিচালক (প্রকৌশল) ইমামুল মজিদ। তিনি কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররিং বা বিমান প্রকৌশল অর্থাৎ, পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন কথাবন্ধু: এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ কি বাংলাদেশে আছে?ইমামুল মজিদ: বাংলাদেশে এভিয়েশনের ওপর ডিগ্রি নেওয়ার জন্য কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান নেই। বেসরকারিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বেশ কিছু বিষয়ের ওপর প্রশিক্ষণ দিচ্ছে। সেখানে বেশির ভাগ ক্ষেত্রেই ফুল কোর্স করানো হয় চাকরিতে নেওয়ার পর। অন্য কেউ ডিগ্রি লাভের জন্য এখানে পড়াশোনা করতে পারবেন না। তবে বিশেষ বিষয়ের ওপর যে কেউ এখানে কোর্স করতে পারেন। এ ছাড়া এআইবি নামের আরও একটি ইনস্টিটিউট আছে। এটি সিভিল এভিয়েশন অথোরিটির অনুমতি নিয়েই পরিচালিত হচ্ছে। এখানে মেইনটেইন ইঞ্জিনিয়ার্স কোর্স করানো হয়। এটি মূলত ডিপ্লোমা পর্যায়ের কোর্স। সে জন্য ইঞ্জিনিয়ারিং কোর্সটি বিদেশ থেকেই করতে হবে। বিশ্বে উড়োজাহাজের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এ বিষয়ে উচ্চশিক্ষা নিলে কাজের কোনো অভাব হবে না। কারণ, এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অনেক চাহিদা রয়েছে।কথাবন্ধু: এ জন্য শিক্ষার্থীরা কোথা থেকে শুরু করবেন এবং শিক্ষাগত যোগ্যতাই বা কী হবে?ইমামুল মজিদ: সিভিল এভিয়েশনের নিয়মানুযায়ী, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি এবং জ্ঞানের পরিধিও বাড়ছে প্রতিদিন। বাংলাদেশে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে আপনি এ বিষয়ে ডিপ্লোমা করতে পারেন। তবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে সিভিল এভিয়েশন কর্তৃক একটি পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর আপনি কোথায় যাবেন, তা ঠিক করতে হবে। নিয়মানুযায়ী, কেউ অ্যারোস্পেস আবার কেউ এভিয়ানিক্স বিভাগে যাবেন। অ্যারোস্পেস হচ্ছে এয়ারক্রাফট ও ইঞ্জিন। আর ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্ট ও রেডিও—এই তিনটি বিষয় নিয়ে এভিয়ানিক্স। এরপর শিক্ষার্থীদের ওজিটি করতে হবে। ওজিটি করতে আপনি যেকোনো ভালো ইনস্টিটিউট বা এয়ারলাইনসের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানে আপনি ছয় মাস বা এক বছর হাতেকলমে কাজ শিখতে পারেন। সেই সঙ্গে পড়াশোনাও চালাতে পারেন। এটি অনেকটা ইন্টার্নি বা শিক্ষানবিশ হিসেবে কাজ করার মতো।কথাবন্ধু: আমাদের দেশে যে সিলেবাস পড়ানো হয়, তা কতটুকু আন্তর্জাতিক মানসম্পন্ন?ইমামুল মজিদ: আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন আন্তর্জাতিক মানের সব বই পড়ানো হচ্ছে। কারণ, এ জন্য দেশের বাইরে থেকে অনেকে এসে এ বিষয়ের ওপর অডিট করেন। তাঁরা ইনস্টিটিউটগুলো কেমন প্রশিক্ষণ দিচ্ছে, এগুলোর মান কেমন এবং কীভাবে ক্লাস নেওয়া হচ্ছে, তা যাচাই করেন।কথাবন্ধু: এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ও এভিয়ানিক্স—এ দুটির মধ্যে কোন ক্ষেত্রটিতে কাজ করার সুযোগ বেশি?ইমামুল মজিদ: এ বিষয়ে কাজের অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশে অনেক দক্ষ কর্মীর প্রয়োজন। বিভিন্ন বেসরকারি বিমান সংস্থায় ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর দরকার, কিন্তু তাঁরা যোগ্য লোক পাচ্ছে না। ইনস্টিটিউট কম থাকায় শিক্ষার্থীও তৈরি হচ্ছে কম এবং এতে অনেক সময় দরকার। এ ছাড়া শিক্ষানবিশ হিসেবে বা ওজিটি করার সময়ই যে কেউ তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে এখানে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে যান।কথাবন্ধু: বাংলাদেশে কতজন শিক্ষার্থী এ ক্ষেত্রে পড়ার সুযোগ পান?ইমামুল মজিদ: এখানে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয়। এক সেমিস্টারে ৩০ জন পড়াশোনা করতে পারেন। এখান থেকে বছরে ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থী বেরিয়ে আসতে পারেন। তবে ইনস্টিটিউট কম থাকায় অনেক সীমাবদ্ধতাও রয়েছে।কথাবন্ধু: বাংলাদেশ থেকে পাস করা এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা কি বিদেশে কাজ করার সুযোগ পান?ইমামুল মজিদ: অবশ্যই। অনেকেই বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং বাইরের দেশগুলো আমাদের দেশের ছেলেমেয়েদের খুব আগ্রহের সঙ্গেই নিয়ে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েদের কর্ম-উদ্যম দেখে বিদেশিরা তাঁদের অনেক আগ্রহের সঙ্গে নিয়ে যাচ্ছে। তবে যাঁদের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা অগ্রাধিকার পান। এ পেশায়ও অভিজ্ঞতার মূল্য দেওয়া হয় বেশি।কথাবন্ধু: এ ক্ষেত্রে বিশেষত, আমাদের দেশের মেয়েদের কাজ করার সুযোগ আছে কি?ইমামুল মজিদ: ইঞ্জিনিয়ারিংয়ে মেয়েরা আসছেন। বাইরের দেশগুলোতে অনেক মেয়েই কাজ করছেন। সেখানে ছেলেমেয়ে কোনো ভেদ নেই। আমাদের দেশে এখনো পুরোপুরি এ বিভাগে মেয়েরা সেভাবে আসেননি। তবে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অনেকেই চাকরি করছেন। তাঁরা হালকা কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। তবে আগ্রহের ওপরও অনেক কিছু নির্ভর করে। যাঁরা আসতে চান, তাঁদের জন্য বিভাগটি সব সময়ই খোলা রয়েছে।অসীম (স্রোতাবন্ধু), নারায়ণগঞ্জ: বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করার পর এয়ারক্রাফট ইঞ্জনিয়ারিংয়ে কোনো কোর্স করা যায় কি না?ইমামুল মজিদ: বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর আপনি অবশ্যই এ বিষয়ে কোর্স করতে পারবেন। তবে এ জন্য আপনাকে সিভিল এভিয়েশনের নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ ক্ষেত্রে আপনাকে লাইসেন্স পাওয়ার জন্য বেসিক কোর্স করতে হবে, যাকে আমরা বলি উইদাউট টাইপ রাইটিং। পাস করলে আপনি অবশ্যই একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতে পারবেন। এটি করতে আপনার সময় লাগবে এক বছর।কথাবন্ধু: রিজেন্ট এয়ারওয়েজ কি চাকরিরত অবস্থায় প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে?ইমামুল মজিদ: বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমাদের কাছে এ ধরনের সুযোগ চাওয়া হয়। ইতিমধ্যেই এয়ারক্রাফটে নতুন একটি দল নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন বিভাগে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের স্টোর ও ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা কীভাবে কাজ করি, তা তাদের বোঝানো হয়।কথাবন্ধু: শিক্ষার্থীদের কাছে ক্ষেত্রটিকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়?ইমামুল মজিদ: এ বিভাগে আপনার ধৈর্য ও আগ্রহ থাকতে হবে। তখনই আপনি ওড়ার এবং ওড়ানোর স্বপ্ন দেখতে পারেন। তবে কেউ যদি এক সপ্তাহের মধ্যেই তা শিখে ফেলতে চান, তা কিন্তু সম্ভব নয়। এ বিভাগে যত অভিজ্ঞতা, তত আনন্দ। যাঁরা সদ্য এইচএসসি তথা উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাঁদের বলব, আপনারা এই পেশায় আসুন। এ জন্য সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলোর সঙ্গে অতিসত্বর যোগাযোগ করুন।গ্রন্থনা: সুদীপ দে