বিমান হামলা সত্ত্বেও গাদ্দাফির শক্তি অটুট রয়েছে
লিবিয়ায় পশ্চিমা জোট বাহিনী টানা পঞ্চম দিনের মতো আজ বৃহস্পতিবারও বিমান হামলা চালিয়েছে। কিন্তু তারা এর পরও গাদ্দাফির সামরিক শক্তি খর্ব করতে পারেনি।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলোতে গাদ্দাফির অনুগত বাহিনী এখন ট্যাংক থেকে কামানের গোলা নিক্ষেপ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলেও গাদ্দাফির সামরিক শক্তি অটুট রয়েছে। টানা পাঁচ দিনের বিমান হামলায়ও বিদ্রোহ দমনে গাদ্দাফির সামরিক তত্পরতায় তেমন হেরফের ঘটেনি।বিদ্রোহীদের দখলে থাকা মিসতারা শহরে গাদ্দাফি বাহিনীর ট্যাংক পিছু হটেছে। তবে শহরের বাসিন্দা ও বিদ্রোহীরা জানিয়েছে, গাদ্দাফি বাহিনী শহরের প্রধান হাসপাতালের কাছে অবস্থান নিয়ে ট্যাংক থেকে বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রেখেছে।বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, মিসতারা শহরে গাদ্দাফির অনুগত ভাড়াটে বন্দুকধারীরা নির্বিচারে গুলি করে ১৬ ব্যক্তিকে হত্যা করেছে।রয়টার্স জানিয়েছে, ত্রিপোলিতে আজ ভোরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এরপর একটি সামরিক ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।ত্রিপোলির কর্মকর্তারা আজ সকালে সাংবাদিকদের রাজধানীর একটি হাসপাতাল পরিদর্শনে নিয়ে যান। কর্মকর্তারা বলছেন, রাতভর পশ্চিমা বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক-বেসামরিক ব্যক্তি মিলিয়ে ১৮ জন নিহত হয়েছে।লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ত্রিপোলি ও এর দক্ষিণ-পশ্চিমের জাফার শহরে জোট বাহিনীর বিমান হামলা চালিয়েছে। লিবীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় বেসামরিক ব্যক্তিরা নিহত হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা হামলায় বেসামরিক ব্যক্তি হতাহতের খবর নাকচ করে দিয়েছে।মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা লিবিয়ার উপকূলীয় অঞ্চলে সফলভাবে নো ফ্লাই জোন কার্যকর করেছে। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী গেরার লঁগুয়ে জানান, ফ্রান্স গত তিন দিনে গাদ্দাফির প্রায় ১০টি ট্যাংক ধ্বংস করেছে।কূটনীতিকেরা বলছেন, লিবিয়ায় সামরিক অভিযানের নেতৃত্ব নিতে এখনো কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি পশ্চিমা দেশগুলো। তুরস্কের বিরোধিতার কারণে অভিযানে ন্যাটোর নেতৃত্বের বিষয়টি আবারও অনিশ্চিত হয়ে গেছে।