বিমানকর্মীদের ধর্মঘট প্রত্যাহার
বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) তাদের ডাকা লাগাতার ধর্মঘট আজ মঙ্গলবার প্রত্যাহার করেছে। বিমানমন্ত্রী ফারুক খানের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর আজ বেলা সোয়া একটায় সিবিএ ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।এর আগে আজ ভোর ছয়টা থেকে লাগাতার ধর্মঘট শুরু করে সিবিএ। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়ে। বিমানবন্দরের বহির্গমনে প্রায় তিন হাজার যাত্রী আটকা পড়ে। পরে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছে আন্দোলনকারীরা।গতকাল সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকার সামনে দিনভর অবস্থান কর্মসূচির পর সন্ধ্যায় সিবিএ ও বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান ধর্মঘটের ঘোষণা দেন। এর আগে সাত দফা দাবিতে একদল শ্রমিক-কর্মচারী বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদকে গত রোববার বেলা আড়াইটা থেকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের হস্তক্ষেপে তিনি মুক্ত হন। গতকাল সকাল নয়টা থেকে দিনভর বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এতে বিমানের কর্মকর্তারা কার্যালয়ে ঢুকতে পারেননি। কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে বিকেল পাঁচটার মধ্যে দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। পরে সন্ধ্যা ছয়টায় লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন বিমান শ্রমিক লীগের সভাপতি।দাবির মধ্যে রয়েছে: বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের বিভাগীয় মামলা প্রত্যাহার, বিমানের জনবলকাঠামো বাস্তবায়ন, শতভাগ মেডিকেল ভাতা পুনর্বহাল, পোশাকের (ইউনিফর্ম) টাকা সংস্থা থেকে প্রদান, আহার-ভাতা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, পাঁচ থেকে ২২ বছর পর্যন্ত যেসব কর্মী দৈনিক ভিত্তিতে (ক্যাজুয়াল) কাজ করছেন, তাঁদের চাকরি স্থায়ী করা।