রপ্তানিপণ্যের কার্টনে ৮২ কেজি ইফিড্রিন
বিমানকর্মীদের যোগসাজশে ভুয়া কাগজপত্রে মাদক পাচার
রপ্তানিপণ্যের কার্টন থেকে আটক হওয়া ৮২ কেজি মাদক (ইফিড্রিন) পাচারের সঙ্গে বিমানবন্দরের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে বেরিয়ে এসেছে। বিমানের সংশ্লিষ্ট কর্মচারীদের শনাক্ত করার কাজ চলছে বলে দাবি করেছে পুলিশ। তবে সীমান্ত থেকে বিমানবন্দর পর্যন্ত পাচার-প্রক্রিয়ার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিমানবন্দরে আটক হওয়া এটিই সর্ববৃহৎ মাদকের চালান।গত ১৯ আগস্ট ডেনিমের (জিন্স) মালয়েশিয়াগামী একটি চালান থেকে ৮২ কেজি ইফিড্রিন উদ্ধার করা হয়। কাগজপত্রে দেখা যায়, টেক্সটাইল অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠানের নামে এই পণ্য বাংলাদেশ বিমানের উড়োজাহাজে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছিল। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান বাদী হয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেন। বিমানকর্মীরা জড়িত: মামলার তদন্ত তদারককারী গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনার মূল দুই হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তদন্তে দেখা যায়, এ ঘটনার সঙ্গে বিমানবন্দরের কর্মচারীদের যোগসাজশ ছিল। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার পর তাঁদেরও গ্রেপ্তার করা হবে।ডিবির কর্মকর্তারা জানান, বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মচারীদের যোগসাজশে চালানটি স্ক্যানিং মেশিনে স্ক্যান হয়ে আরও কয়েকটি নিরাপত্তার ধাপ পেরিয়ে শেষ ধাপ কার্গো ভিলেজে চলে যায়। চালানটি শুধু উড়োজাহাজে তোলা বাকি ছিল। এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা এটি ধরে ফেলে। প্রথমে বিমানবন্দর থানা মামলাটি তদন্ত করে। পরে তদন্তের ভার ডিবির হাতে দেওয়া হয়। সূত্র জানায়, তদন্ত করতে গিয়ে থানা পুলিশ প্রথমেই গ্রেপ্তার করে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন অপারেটর কুদরত এলাহিকে। কিছুদিন পর ডিবি মামলার দায়িত্ব নিলে গ্রেপ্তার হন আরও পাঁচজন। তাঁরা হলেন—সংশ্লিষ্ট পণ্যের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট তরিকুল ইসলাম, পরিবহন দালাল জলিল আহমেদ সেলিম, মাল পরিবহনের দায়িত্বে থাকা খন্দকার গোলাম মোস্তফা, বিমানের সাবেক কর্মী মাহফুজুর রহমান ও নাজিমউদ্দীন লস্কর।তদন্ত সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা বিমানের কিছু কর্মকর্তা-কর্মচারীসহ মূল পাচারকারী হিসেবে দুজনের নাম বলেছেন গোয়েন্দাদের। মূল দুই পাচারকারীর কাজ ছিল, ভারত সীমান্ত থেকে এনে এই মাদকের চালান বিমানবন্দর দিয়ে নিরাপদে অন্য দেশে পার করে দেওয়া। এই চালানটি সাতক্ষীরা ও নীলফামারীর সৈয়দপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তদন্তকারী দল কাগজপত্র ধরে প্রথমেই কথিত পণ্যের ঋণপত্র (এলসি) পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে যায়। সেখানে কাগজপত্র দেখে তাঁরা নিশ্চিত হন—এলসি নম্বরটি ছিল ভুয়া। একজন কর্মকর্তা জানান, তদন্তে দেখা গেছে রপ্তানির কাগজপত্রে ব্যবহূত টেক্সটাইল অ্যাসোসিয়েটসের প্যাডটিও নকল। প্যাডে প্রোপাইটরের জায়গায় থাকা স্বাক্ষরটিও জাল। টেক্সটাইল অ্যাসোসিয়েটস যেহেতু একটি লিমিটেড কোম্পানি, তাই ওই প্রতিষ্ঠানের কোনো প্রোপাইটার থাকারও কথা নয়। ফলে পণ্যের ঘোষণাপত্রসহ সব ভুয়া কাগজপত্র দিয়েই চালানটি বিমানবন্দর দিয়ে পাঠানো হচ্ছিল বলে তদন্তে বেরিয়ে আসে।তবে মামলার আসামি টেক্সটাইল অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক হারুন উর রশিদসহ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চার সদস্য উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।হারুন উর রশিদ মাদক পাচারের সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁরা ১৯৮৯ সাল থেকে টেক্সটাইল অ্যাসোসিয়েটস কোম্পানিটি চালাচ্ছেন একই লোগো ও একই প্যাড দিয়ে। তাঁদের প্রতিষ্ঠান কোনো পণ্য রপ্তানি করে না। তাঁরা ইউরোপ থেকে টেক্সটাইল মেশিনারি আমদানির ব্যবসা (ইনডেন্টিং) করেন। তবে কোনো যন্ত্র নষ্ট থাকলে বিমানবন্দর দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে তা ফেরত পাঠাতে হয়। হারুন উর রশিদ বলেন, ‘মাদক পাচারকারীরা বিমানবন্দরে টেক্সটাইল অ্যাসোসিয়েটসের যে প্যাড দিয়েছে, তার সঙ্গে আমাদের প্যাডের কোনো মিল নেই। এমনকি ওই ভুয়া প্যাডের ওপর প্রোপাইটর হিসেবে একটি ভুয়া সই করা হয়েছে। টেক্সটাইল অ্যাসোসিয়েটসে প্রোপাইটর বলে কোনো পদই নেই।’হারুন উর রশিদের দাবি, বিমানবন্দরের কোনো কার্যালয়ে হয়তো কোনোভাবে তাঁদের কোম্পানির কাগজপত্র ছিল। সেগুলোর অনুকরণে ভুয়া প্যাড ছাপিয়ে দুর্বৃত্তরা এ মাদক চালান পাচার করছিল।একটি চালান আগেই গিয়েছে: শুল্ক গোয়েন্দা ও বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, একই প্রতিষ্ঠানের নামে আগস্টের প্রথম সপ্তাহে আরও একটি চালান মালয়েশিয়ায় গিয়েছিল। দুটি চালানের পণ্যই পরিবহন করেছে এইচ টি কার্গো সার্ভিস। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ওই চালানেও ৭০ থেকে ৮০ কেজি মাদক মালয়েশিয়ায় গেছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন উর রশিদ বলেন, ‘আমরা এ সম্পর্কে এখনো কিছু জানি না। তবে আমরা যেহেতু কোনো পণ্য রপ্তানি করি না, ফলে তখনো আমাদের কোনো চালান বাইরে পাঠানোর প্রশ্ন আসে না।’ গোয়েন্দারা জানান, মাদকদ্রব্যের চালানটি পাচারের ক্ষেত্রে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতের বিমানবন্দরগুলোতে কড়াকড়ির কারণে পাচারকারীরা বাংলাদেশকে বেছে নিয়েছে।