‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা এবার ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন। ১৬ এপ্রিল সকাল ছয়টা থেকে তাঁরা এই কর্মবিরতি শুরু করবেন।আজ মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের লাউঞ্জে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদে’র আহ্বায়ক মশিকুর রহমান। বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের এই সমাবেশ থেকে বলা হয়, ৪৮ ঘণ্টার এ কর্মসূচির মাধ্যমে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হবে; একই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও অচল করে দেওয়া হবে।পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা সোয়া ১১টা থেকে একটা পর্যন্ত বিমানকর্মীদের সমাবেশ হয়। এতে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, পাইলট, প্রকৌশলী ও কেবিন-ক্রুদের সংগঠনের নেতারা বক্তব্য দেন।সমাবেশ শেষে কর্মীরা বলাকার সামনে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাঁর অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।জামাল উদ্দিন আহমেদসহ বিমানের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অযোগ্যতা ও দুর্নীতির অভিযোগ তুলে এই পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা গত ৫ মার্চ থেকে আন্দোলন করে আসছেন। একই সঙ্গে তাঁরা পরিচালনা পর্ষদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর পর থেকে গত এক মাসে পরিচালনা পর্ষদের কেউ আর বিমান কার্যালয়ে যাননি, এমনকি কোনো সভাও হয়নি।কর্মীদের আন্দোলন চলাকালেই গত ২০ মার্চ জামাল উদ্দিন সপরিবারে ওমরা করতে সৌদি আরব যান।